IPL 2026

ঘরের মাঠে প্রথম হার শ্রেয়সদের, রাজস্থানের কাছে ৬ উইকেটে হেরে এ বারের আইপিএলে অপরাজিত তকমা খোয়াল পঞ্জাব

আইপিএলে আর অপরাজিত থাকতে পারলেন না শ্রেয়স আয়ারেরা। অষ্টম ম্যাচে পঞ্জাব কিংস ঘরের মাঠে হেরে গেল রাজস্থান রয়্যালসের কাছে। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন রিয়ান পরাগেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ২২:৫৫
picture of cricket

শ্রেয়স আয়ার। ছবি: পিটিআই।

আইপিএলে অপরাজিত তকমা বজায় রাখতে পারলেন না শ্রেয়স আয়ারেরা। রাজস্থান রয়্যালসের কাছে মঙ্গলবার ঘরের মাঠে ৬ উইকেটে হারল পঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২২২ রান করে পঞ্জাব। জবাবে রিয়ান পরাগের দল করল ১৯.২ ওভারে ৪ উইকেটে ২২৮ রান।

Advertisement

জয়ের জন্য ২২৩ রানের লক্ষ্যে ইনিংসের শুরুটা খারাপ করেনি রাজস্থান। বৈভব সূর্যবংশী চেনা মেজাজে ব্যাট করল। সে সময় অন্য ওপেনার যশস্বী জয়সওয়াল ছিলেন দর্শকের ভূমিকায়। বৈভবের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৪৩ রানের ইনিংস। ৩টি চারের পাশাপাশি ৫টি ছক্কা মেরেছে ১৫ বছরের কিশোর। বৈভব আউট হওয়ার পর হাত খোলেন যশস্বী। তিনি করেন ২৭ বলে ৫১। ৭টি চার এবং ১টি ছয় মেরেছেন। রান পেলেন না তিন নম্বরে নামা ধ্রুব জুরেল। ২০ বলে ১৬ রান করেন তিনি। তখন কিছুটা চাপ তৈরি হয় রাজস্থানের ইনিংসে। অধিনায়ক রিয়ানও প্রয়োজনের সময় দলকে ব্যাট হাতে নেতৃত্ব দিতে পারলেন না। করলেন ১৬ বলে ২৯। ২টি করে চার এবং ছয় মারলেন।

এর পর রাজস্থানকেআবার লড়াইয়ে ফেরান ডোনোভান ফেরেইরা এবং ইমপ্যাক্ট সাব হিসাবে নামা শুভম দুবে। তাঁরাই এনে দিলেন গুরুত্বপূর্ণ জয়। শেষ পর্যন্ত ফেরেইরা অপরাজিত থাকেন ২৬ বলে ৫২ রান করে। ৬টি চার এবং ৩টি ছয় মারেন তিনি। শুভম অপরাজিত থাকেন ১২ বলে ৩১ রানের ইনিংস খেলে। তাঁর ব্যাট থেকে এসেছে ৩টি চার এবং ২টি ছক্কা। পঞ্চম উইকেটে তাঁরা তোলেন ৩২ বলে ৭৭ রান। তাঁদের সামনে শ্রেয়সের দলের কোনও বোলারই সুবিধা করতে পারেননি।

পঞ্জাবের সফলতম বোলার যুজবেন্দ্র চহাল ৩৬ রানে ৩ উইকেট নিয়েছেন। অর্শদীপ সিংহ ১ উইকেট পেলেও ৪ ওভারে দিয়েছেন ৬৮ রান। লকি ফার্গুসনের ৪ ওভারে ৫৭ রান তুলেছেন রাজস্থানের ব্যাটারেরা। মার্কো জানসেন ৩.২ ওভারে খরচ করেছেন ৪১ রান। তবে ভাল বল করলেন হরপ্রীত ব্রার। উইকেট না পেলেও ৪ ওভারে ২৫ রান দেন তিনি।

এর আগে পঞ্জাবকে স্বস্তিদায়ক জায়গায় পৌঁছে দেয় মার্কাস স্টোইনিসের ২২ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক রিয়ান। প্রথমে ব্যাট করার সুযোগ প্রথম বল থেকেই কাজে লাগানোর চেষ্টা করেন পঞ্জাবের ব্যাটারেরা। ওপেনার প্রিয়াংশ আর্য ১১ বলে ২৯ রান করেন। ৫টি চার এবং ১টি ছয় মেরেছেন তিনি। প্রিয়াংশ বড় রান করতে না পারলেও ২২ গজের অন্য প্রান্ত আগলে রেখেছিলেন পঞ্জাবের আর এক ওপেনার প্রভসিমরন সিংহ। তিন নম্বরে নেমে ছোট কার্যকর ইনিংস খেলেন কুপার কনোলি। ২টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ১৪ বলে ৩০ করেন তিনি। প্রভসিমরন ৬টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৫৯ রানের ইনিংস খেলেন।

চার নম্বরে নেমে দলের ইনিংসকে সাহায্য করার চেষ্টা করেন অধিনায়ক শ্রেয়সও। তবে শেষ দিকের ওভারগুলিতে তিনি প্রত্যাশা মতো রান তুলতে পারলেন না। শ্রেয়স করেন ২৭ বলে ৩০। ১টি করে চার এবং ছয় মেরেছেন শ্রেয়স। স্টোইনিস অবশ্য ঝড় তোলেন শেষ দিকে। তাঁর ইনিংসই পঞ্জাব শিবিরে স্বস্তি ফেরায় শেষবেলায়। ২২ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ৪টি চার এবং ৬টি ছক্কা। সূর্যাংশ শেডগে অপরাজিত থাকেন ৩ রানে।

রাজস্থানের যশ রাজ পাঁজা ৪১ রানে ২ উইকেট নিলেন। জফ্রা আর্চারের ৪০ রানে ১ উইকেট। রবীন্দ্র জাডেজা উইকেট পেলেন না। ৪ ওভারে দিলেন ৩২ রান। নান্দ্রে বার্গার ৫৯ রান খরচ করে ১ উইকেট পেলেন। কিছুটা ভাল বল করেন ব্রিজেশ শর্মা। ৪২ রান দিয়েও উইকেট অবশ্য পাননি। ইনিংসের শেষ ওভারে তাঁর বলে ২৪ রান নেন স্টোইনিস।

Advertisement
আরও পড়ুন