ঋষভ পন্থ। —ফাইল চিত্র।
আইপিএলে দুই ক্রিকেটারের মধ্যে বিবাদ নতুন ঘটনা নয়। বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর, কাইরন পোলার্ড বনাম মিচেল স্টার্কের লড়াই দেখেছে ক্রোড়পতি লিগ। কিন্তু একটি বিবাদ শুরু হয়েছিল অন্য এক প্রতিযোগিতায়। আইপিএলে সেই দুই ক্রিকেটারের ঝগড়া মেটালেন ঋষভ পন্থ।
দিল্লি প্রিমিয়ার লিগে বিবাদ হয়েছিল নীতীশ রানা ও দিগ্বেশ রাঠীর। দিগ্বেশের বলে ছক্কা মেরে তাঁরই ‘নোটবুক’ উল্লাস করেছিলেন নীতীশ। বিষয়টি ভাল ভাবে নেননি দিগ্বেশ। মাঠেই ঝগড়া হয়েছিল দু’জনের। আইপিএলে নীতীশ খেলেন দিল্লি ক্যাপিটালসে। দিগ্বেশ খেলেন লখনউ সুপার জায়ান্টসে। বুধবার দুই দল মুখোমুখি।
ম্যাচের আগে অনুশীলনে দেখা হয় নীতীশ ও দিগ্বেশের। সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, দু’জনের মধ্যে কয়েক সেকেন্ড কথা হয়। তার পর দিগ্বেশ অন্য দিকে চলে যান। তখন নীতীশ তাঁর পিঠে চাপড় মেরে বলেন, “তা হলে আমাদের এক দিন বসতে হবে।”
ঠিক তখনই সেখানে আসেন পন্থ। লখনউয়ের অধিনায়ক নিজের দলের বোলার দিগ্বেশকে বলেন, “কোথায় যাচ্ছিস? এ দিকে আয়। অনেক হয়েছে। এ বার থাম। আর ঝগড়া করিস না।”
অধিনায়কের কথা শুনে এগিয়ে আসেন দিগ্বেশ। তখন নীতীশ বলেন, “ও বলেছে, ওর একটা বলও আমি ব্যাটে লাগাতে পারব না।” সেটা শুনে পন্থ বলেন, “তোরা দু’জনই সমান। কেউ কাউকে ছাড়বি না। এ বার থাম তো।”
শেষে একে অপরকে জড়িয়ে ধরেন নীতীশ ও দিগ্বেশ। পন্থও তাঁদের জড়িয়ে ধরেন। তাঁদের দেখে দুই দলের আরও কয়েক জন ক্রিকেটার সেখানে হাজির হন। সকলে মিলে খোশগল্পে মাতেন। কুলদীপ যাদব আবার পন্থকে খোঁচা মেরে বলেন, “অনেক জ্ঞান দিয়েছিস।” তা শুনে হেসে ফেলেন লখনউয়ের অধিনায়ক।