IPL 2026

আইপিএলে গোয়েন্‌কার দলের অধিনায়ক পন্থের পাখির চোখ একটাই, শেষ সুযোগ কাজে লাগাতে বদল ব্যাটিং অর্ডারে

গত বার একটি শতরান ছাড়া গোটা আইপিএলে চুপ ছিল ঋষভ পন্থের ব্যাট। এ বার শুরু থেকে রান চাইছেন তিনি। তার জন্য ব্যাটিং অর্ডারে বদল করতে পারেন পন্থ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১৩:৫০
cricket

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

এ বারের আইপিএলকে পাখির চোখ করেছেন ঋষভ পন্থ। গত বারের মরসুমের আগে রেকর্ড ২৭ কোটি টাকায় তাঁকে কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। অধিনায়কও করা হয়েছিল তাঁকে। কিন্তু সঞ্জীব গোয়েন্‌কার দলের হয়ে একটি শতরান ছাড়া গোটা আইপিএলে চুপ ছিল পন্থের ব্যাট। তিনি জানেন, এ বার রান না পেলে সমালোচনা আরও বাড়বে। কার্যত এটাই তাঁর শেষ সুযোগ। তাই এ বার শুরু থেকে রান চাইছেন তিনি। তার জন্য ব্যাটিং অর্ডারে বদল করতে পারেন পন্থ।

Advertisement

সংবাদসংস্থা পিটিআইকে এক সূত্র বলেছে,“ম্যানেজমেন্ট ও পন্থ সকলেই একমত। তিন নম্বরই পন্থের সেরা জায়গা। তাই এ বার ও তিন নম্বরেই নামবে। শুরুতে এডেন মার্করাম ও মিচেল মার্শ। তিন নম্বরে পন্থ। নিকোলাস পুরান চার নম্বরে নামবে। পরের ব্যাটিং অর্ডার প্রয়োজন মতো বদল হবে।”

গত বার ১৩৩.১৭ স্ট্রাইক রেটে ২৬৯ রান করেছিলেন পন্থ। তার মধ্যে একটি ১১৮ রানের ইনিংস ছিল। অধিনায়ক ফর্মে না থাকার খেসারত দিতে হয়েছিল দলকে। প্লে-অফে উঠতে পারেনি লখনউ। তাই এ বার নিজের ব্যাটে রানের পাশাপাশি দলকেও প্লে-অফে তুলতে চান পন্থ।

এ বারের আইপিএল পন্থের উপরেই সবচেয়ে বেশি চাপ থাকবে, এমনটাই মনে করেন ফাফ ডু’প্লেসি। তিনি বলেন, “আমার মতে এই মরসুমে সবচেয়ে বেশি চাপ থাকবে পন্থের উপর। কেউ বেশি দাম পেলে ভাল খেলে। আবার কেউ পারে না। গত মরসুমও ওর জন্য কঠিন ছিল। দলও ভুগেছিল। তাই এ বার শুরু থেকেই পন্থ চাপে থাকবে। এখন দেখার, ও চাপ সামলাতে পারে কি না।”

ভারতের টেস্ট দলের এক নম্বর উইকেট-রক্ষক ব্যাটার পন্থ। কিন্তু সাদা বলের ক্রিকেটে জায়গা হারিয়েছেন তিনি। এক দিনের ক্রিকেটে প্রথম পছন্দ লোকেশ রাহুল। দ্বিতীয় উইকেট-রক্ষক ব্যাটার হিসাবে সুযোগ পান পন্থ। টি-টোয়েন্টিতে সঞ্জু স্যামসন ও ঈশান কিশন ফর্মে থাকায় পন্থের আর জায়গা নেই। তাই এ বারের আইপিএল পাখির চোখ করেছেন তিনি। আইপিএলে ভাল খেলে সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে জায়গা করে নিতে চান তিনি।

Advertisement
আরও পড়ুন