রোহিত শর্মা। ছবি: এক্স।
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে বীরেন্দ্র সহবাগের একটি নজির স্পর্শ করলেন রোহিত শর্মা। শনিবার ৬ রান করার পর আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের রান হয় ১৬ হাজার। ভারতের দ্বিতীয় ওপেনিং ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
শনিবারের আগে রোহিতের আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসাবে রান ছিল ১৫৯৯৪। তিনি ৩৮৪তম ইনিংসে ১৬ হাজার রান পূর্ণ করলেন। বিশ্বের সপ্তম ওপেনার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এর আগে ওপেনার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ১৬ হাজার রান করার নজির রয়েছে সনৎ জয়সূর্য, ক্রিস গেল, ডেভিড ওয়ার্নার, গ্রেম স্মিথ, ডেসমন্ড হেইনস এবং সহবাগের। তালিকার শীর্ষে রয়েছেন জয়সূর্য। আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসাবে তাঁর রান ১৯২৯৮। দ্বিতীয় স্থানে থাকা গেলের সংগ্রহ ১৮৮৬৭ রান। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওয়ার্নার। তিনি করেছেন ১৮৭৪৪ রান।
সহবাগ ৪০০টি ইনিংসে ওপেনার হিসাবে করেছিলেন ১৬১১৯ রান। শনিবারের ম্যাচের পর রোহিতের ওপেনার হিসাবে রান ১৬০১০। আর ১১০ রান করলে তিনি টপকে যাবেন সহবাগকে। ওপেনার হিসাবে সচিন তেন্ডুলকরকে অনেক আগেই পিছনে ফেলেছেন রোহিত। ভারতের হয়ে ইনিংস শুরু করে সচিনের সংগ্রহ ১৫৩৩৫ রান।
এক দিনের ক্রিকেটে আরও একটি নজির গড়েছেন রোহিত। আফগানদের বিরুদ্ধে ৩ রান করার সঙ্গে সঙ্গে জ্যাক কালিসকে টপকে গিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এক দিনের ক্রিকেটে করেছেন ১১৫৭৯ রান। শনিবারের ম্যাচের পর রোহিতের সংগ্রহ ১১৫৯৩ রান। কালিস খেলেছেন ৩২৮টি এক দিনের ম্যাচ। নিজের ২৮৩তম এক দিনের ম্যাচে তাঁকে টপকালেন রোহিত। এক দিনের ক্রিকেটে রান সংগ্রাহকদের তালিকায় রোহিত উঠে এসেছেন আট নম্বরে। এই তালিকার শীর্ষে রয়েছেন সচিন (১৮২৪৬)। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের সংগ্রহ শনিবারের পর ২০১২৫ রান।
শনিবার ভারতের পুরুষ ক্রিকেটারদের মধ্যে বয়স্কতম হিসাবে এক দিনের ম্যাচ খেলার নজিরও গড়েছেন রোহিত। এ ক্ষেত্রে তিনি ভেঙে দিয়েছেন মোহিন্দার অমরনাথের নজির। ১৯৮৯ সালে নিজের শেষ এক দিনের ম্যাচ খেলার সময় তাঁর বয়স ছিল ৩৯ বছর ৩৬ দিন। শনিবার রোহিতের বয়স ছিল ৩৯ বছর ৭৫ দিন।