Cricket Record

টি-টোয়েন্টি ক্রিকেটে নজির রোয়ান্ডার ব্যাটার হামজ়ার, খেললেন দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস

প্রথমে ব্যাট করে রোয়ান্ডা করে ২ উইকেটে ২৮৮। জবাবে ১৫.২ ওভারে ১৭ রানে শেষ হয়ে যায় আইভোরি কোস্টের ইনিংস। সর্বোচ্চ ১০ নম্বরে ব্যাট করতে নামা ওয়াটারা উসিফের ৫। এই ম্যাচেই নজির গড়েছেন হামজ়া খান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৯:২৪
picture of cricket

হামজ়া খান। ছবি: এক্স।

টি-টোয়েন্টি ক্রিকেটে নজির গড়লেন রোয়ান্ডার ব্যাটার হামজ়া খান। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব রিজিওনাল যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আইভোরি কোস্টের বিরুদ্ধে ১৬৪ রানের ইনিংস খেলেন রবিবার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নজির গড়েছেন হামজ়া।

Advertisement

৬৫ বলে ১৬৪ রানের ইনিংস খেলেন হামজ়া। তাঁর ইনিংসে রয়েছে ৯টি চার এবং ১৫টি ছক্কা। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের। তিনি ২০১৮ সালে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ১৭২ রান করেছিলেন। ফিঞ্চের ওই ইনিংসের পরেই থাকল হামজ়ার ১৬৪ রানের অপরাজিত ইনিংস। রোয়ান্ডার ওপেনার টপকে গেলেন আফগানিস্তানের হজ়রতুল্লাহ জ়াজ়াইকে। তিনি ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন। এই তালিকায় চতুর্থ স্থানে নেমে গেলেন স্পেনের মহম্মদ ইহসান। তিনি ২০২৫ সালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১৬০ রানের ইনিংস খেলেন। পঞ্চম স্থানে আবার ফিঞ্চ। ২০১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৬ রান করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ব্যাটার।

১৬৪ রানের ইনিংসে ১৫টি ছক্কা মেরেও একটি নজির গড়েছেন হামজ়া। টি-টোয়েন্টি ক্রিকেটের এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি।

রবিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে রোয়ান্ডা করে ২ উইকেটে ২৮৮। হামজ়া ছাড়া ভাল ব্যাট করেন দিদিয়ের এনডিকুবিমানা। তিনি করেন ৪৫ বলে ৬৯। এ ছাড়া ইসায়ে নিয়োমুগাবো ১২ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। জবাবে ১৫.২ ওভারে ১৭ রানে শেষ হয়ে যায় আইভোরি কোস্টের ইনিংস। সর্বোচ্চ ১০ নম্বরে ব্যাট করতে নামা ওয়াটারা উসিফের ৫। আইভোরি কোস্টের চার জন্য ব্যাটার ০, তিন জন ব্যাটার ১ এবং দু’জন ব্যাটার ২ রান করেছেন।

Advertisement
আরও পড়ুন