ICC T20 World Cup 2026

১ মার্চ ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, বিশ্বকাপের সুপার এইটে সূর্যদের বাকি দুই ম্যাচ কবে, কোথায়?

পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করে ফেলেছে ভারত। সেখানে তিনটি ম্যাচ খেলতে হবে সূর্যকুমার যাদবদের। কবে কবে সেই ম্যাচ হবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২১
cricket

বিশ্বকাপে ছন্দে ভারতীয় দলের ক্রিকেটারেরা। ছবি: পিটিআই।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। রবিবার কলম্বোর মাঠে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করে ফেলেছে ভারত। সেখানে তিনটি ম্যাচ খেলতে হবে সূর্যকুমার যাদবদের। কবে কবে সেই ম্যাচ হবে তা-ও জানা গিয়েছে।

Advertisement

বিশ্বকাপের সুপার এইটে দু’টি গ্রুপ রয়েছে। গ্রুপ ‘এক্স’ ও গ্রুপ ‘ওয়াই’। গ্রুপ পর্বে প্রতিটি দল থেকে যে দুই দল নক আউটে উঠবে তাদের আলাদা আলাদা গ্রুপে রাখা হবে। তবে সুপার এইটে আটটি দল আগে থেকে ধরে রাখা হয়েছে। তারা গ্রুপ পর্বে যে স্থানেই শেষ করুক না কেন, নক আউটে নির্দিষ্ট জায়গাতেই খেলবে।

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

উদাহরণ হিসাবে বলা যায়, ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হোক, বা দ্বিতীয় স্থানেই শেষ করুক, তারা এক্স গ্রুপের প্রথম দল (এক্স ১)। এই গ্রুপের বাকি তিন দল ধরা হয়েছে অস্ট্রেলিয়া (এক্স ২), ওয়েস্ট ইন্ডিজ় (এক্স ৩) ও দক্ষিণ আফ্রিকা (এক্স ৪)। তার মধ্যে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়ের সুপার এইট পাকা। ঠিক তেমনই ওয়াই গ্রুপের চারটি দল ধরে রাখা আছে ইংল্যান্ড (ওয়াই ১), নিউ জ়িল্যান্ড (ওয়াই ২), পাকিস্তান (ওয়াই ৩) ও শ্রীলঙ্কা (ওয়াই ৪)।

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

যদি কোনও দল এই তালিকায় থাকা কোনও দলের বদলে সুপার এইটে ওঠে, তা হলে তার জায়গা নেবে তারা। যেমন, যদি অস্ট্রেলিয়ার বদলে সেই গ্রুপ থেকে জ়িম্বাবোয়ে ওঠে তা হলে অস্ট্রেলিয়ার বদলে তাদের জায়গা হবে এক্স ২।

১ মার্চ ‘এক্স ১’ বনাম ‘এক্স ৩’ ম্যাচ রয়েছে। অর্থাৎ, সে দিন কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ হবে। এই ম্যাচের সূচি ঠিক হয়ে গিয়েছে। ভারতের বাকি দুই ম্যাচ ২২ ফেব্রুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি। ২২ তারিখ অহমদাবাদ ও ২৬ তারিখ চেন্নাইয়ের মাঠে খেলা। এখনও পর্যন্ত যা অবস্থা তাতে ২২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা ও ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের খেলা পড়বে। প্রতিটি ম্য়াচই শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে।

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এখন পর্যন্ত গ্রুপ পর্বের যা হাল তাতে দক্ষিণ আফ্রিকার সুপার এইটে ওঠা প্রায় পাকা। ইতিমধ্যেই গ্রুপ ডি-র শীর্ষে তারা। অস্ট্রেলিয়া অবশ্য চাপে রয়েছে। তাদের বদলে নক আউটে ওঠার সুযোগ রয়েছে জ়িম্বাবোয়ের। যদি তেমনটা হয়, তা হলে ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বদলে জ়িম্বাবোয়ের মুখোমুখি হবেন সূর্যেরা।

Advertisement
আরও পড়ুন