ICC T20 World Cup 2026

খেলা ভেস্তে যাওয়ায় চাপে পাকিস্তান! সেমির দৌড়ে কী অঙ্ক সলমনদের সামনে, গ্রুপ ২-এর বাকি দলের সমীকরণ কী?

জমে গিয়েছে বিশ্বকাপের ‘ওয়াই’ গ্রুপের লড়াই। চারটি দলেরই সুযোগ রয়েছে সেমিফাইনালে ওঠার। তবে প্রত্যেকের সামনে অঙ্ক আলাদা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪১
cricket

পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা। —ফাইল চিত্র।

ভারতের মতো বিশ্বকাপের সুপার এইটে পাকিস্তানের গ্রুপের খেলাও জমে গিয়েছে। পাকিস্তান বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়েছে দু’দলের। পরের ম্যাচে ইংল্যান্ড হারিয়েছে শ্রীলঙ্কাকে। ফলে গ্রুপের চার দলের কাছেই সুযোগ রয়েছে সেমিফাইনালে ওঠার। তবে প্রত্যেকের সামনে অঙ্ক আলাদা।

Advertisement

ইংল্যান্ড (২ পয়েন্ট, নেট রানরেট + ২.৫৫০)

বাকি দুই ম্যাচের মধ্যে একটিতে জিতলেই ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল পাকা ইংল্যান্ডের। কারণ, সে ক্ষেত্রে পাকিস্তান বা নিউ জ়িল্যান্ডের মধ্যে একটি দল ৩ পয়েন্টের বেশি যেতে পারবে না। শ্রীলঙ্কা অবশ্য ৪ পয়েন্টে যেতে পারে। তাতে ইংল্যান্ডের সমস্যা হবে না। আর যদি পাকিস্তান বা নিউ জ়িল্যান্ডের মধ্যে একটি দল ইংল্যান্ড ও শ্রীলঙ্কা দু’দলকেই হারায় সে ক্ষেত্রে তারা ৫ পয়েন্টে যাবে। সে ক্ষেত্রে আবার শ্রীলঙ্কা ২ পয়েন্টের বেশি পাবে না। ফলে যে কোনও পরিস্থিতিতেই ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠা আটকাচ্ছে না।

পাকিস্তান (১ পয়েন্ট, নেট রানরেট ০.০০০)

বাকি দু’টি ম্যাচই জিততে হবে। তা হলে আর অন্য কোনও দলের দিকে তাকাতে হবে না। ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল পাকা হয়ে যাবে। কিন্তু পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলে অপেক্ষা করতে হবে সলমনদের। সে ক্ষেত্রে তাদের সামনে দু’টি অঙ্ক রয়েছে।

১) ইংল্যান্ড সব ম্যাচ জিতলে ৬ পয়েন্ট। পাকিস্তানের কাছে শ্রীলঙ্কার হার। শ্রীলঙ্কার কাছে নিউ জ়িল্যান্ডের হার। তা হলে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে পাকিস্তান।

২) ইংল্যান্ড সব ম্যাচ জিতলে ৬ পয়েন্ট। পাকিস্তান ও নিউ জ়িল্যান্ডের কাছে শ্রীলঙ্কার হার। সে ক্ষেত্রে পাকিস্তান ও নিউ জ়িল্যান্ড দু’দলেরই পয়েন্ট হবে সমান। নেট রানরেটে সুযোগ থাকবে পাকিস্তানের।

নিউ জ়িল্যান্ড (১ পয়েন্ট, নেট রানরেট ০.০০০)

বাকি দু’টি ম্যাচই জিততে হবে। তা হলে আর অন্য কোনও দলের দিকে তাকাতে হবে না। ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল পাকা হয়ে যাবে। কিন্তু তারা একটি ম্যাচ হারলে তখন পাকিস্তানের মতোই বাকি ম্যাচের ফলের দিকে তাকিয় থাকতে হবে মিচেল স্যান্টনারদের।

শ্রীলঙ্কা (০ পয়েন্ট, নেট রানরেট -২.৫৫০)

শ্রীলঙ্কার সামনে একটাই অঙ্ক। বাকি দুই ম্যাচ জিততে হবে। তা হলে আর অন্য কোনও ম্যাচের দিকে তাদের তাকাতে হবে না। কারণ, সে ক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ৪। পাকিস্তান ও নিউ জ়িল্যান্ড কোনও ভাবেই ৩ পয়েন্টের বেশি যেতে পারবে না। কিন্তু একটি ম্যাচ হারলেই সেমিফাইনালের দৌড় থেকে বিদায় নেবে শ্রীলঙ্কা।

Advertisement
আরও পড়ুন