IPL 2026

টানা চার হার! মেজাজ হারালেন শ্রেয়স, হারের দায় কাদের, জানিয়ে দিলেন পঞ্জাব অধিনায়ক

দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারলেই পয়েন্ট তালিকায় সকলের উপরে উঠত পঞ্জাব কিংস। কিন্তু হেরে নিজেদের উপরেই চাপ বাড়াল তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১০:৩৩
cricket

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

হঠাৎ করেই থমকে গিয়েছে পঞ্জাব কিংসের জয়রথ। টানা চারটি ম্যাচে হারতে হয়েছে। সোমবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারলেই পয়েন্ট তালিকায় সকলের উপরে উঠত পঞ্জাব কিংস। কিন্তু হেরে নিজেদের উপরেই চাপ বাড়িয়েছে তারা। টানা চার হারের পর আর মেজাজ ধরে রাখতে পারেননি পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আয়ার।

Advertisement

খেলা শেষে কোনও রাখঢাক করেননি শ্রেয়স। সরাসরি দায় চাপিয়েছেন ক্রিকেটারদের উপর। শ্রেয়স বলেন, “আমি ঘুরিয়ে কিছু বলব না। ফিল্ডিং ও বোলিং আমাদের হারিয়ে দিল।” শ্রেয়সের কথা থেকে স্পষ্ট, ব্যাটারদের উপর দায় চাপাচ্ছেন না তিনি।

প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২১০ রান করেছিল পঞ্জাব। শ্রেয়সের মতে, ৩০ রান বেশিই করেছিলেন তাঁরা। তিনি বলেন, “এই উইকেটে আমরা ৩০ রান বেশি করেছিলাম। কারণ, বল সুইং করছিল। অসমান বাউন্সও ছিল। ফলে এখানে রান করা অতটাও সহজ ছিল না। কিন্তু আমাদের বোলারেরা খারাপ বল করেছে। ফিল্ডিং খারাপ হয়েছে। তাই হেরেছি।”

শ্রেয়সের অধিনায়কত্বেরও সমালোচনা হয়েছে। যুজবেন্দ্র চহলকে বলই দেননি তিনি। অথচ আইপিএলের সেরা বোলারদের মধ্যে তিনি এক জন। শ্রেয়স জানিয়েছেন, তাঁর পরিকল্পনা অন্য ছিল। তিনি বলেন, “আমি ওর কথা ভেবেছিলাম। কিন্তু যে ভাবে বল সুইং করছিল ও পেসারেরা সাহায্য পাচ্ছিল, তাতে আমার মনে হয়েছিল, পেসারদের দিয়ে বল করানো উচিত। মনে হয়েছিল ওরা উইকেট তুলতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেটা হয়নি।”

এই পিচে তাঁদের অনেক বেশি লেংথে বল করা উচিত ছিল বলে মনে করেন শ্রেয়স। পঞ্জাবের অধিনায়ক বলেন, “আমার মতে, লেংথে বল করলে সুবিধা পাবে বোলারেরা। বিশেষ করে নতুন ব্যাটারের বিরুদ্ধে সেটাই আদর্শ বল। বার বার লেংথে বল করলে একটা ভুল শট ব্যাটার খেলবেই। তাতে উইকেট নেওয়ার সুযোগ বেশি থাকে। কিন্তু আমরা সেই পরিকল্পনা কাজে লাগাতে পারিনি।”

১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে পঞ্জাব। বৃহস্পতিবার এই মাঠেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে তারা। সেই ম্যাচ জিততে না পারলে কিন্তু প্লে-অফে উঠতে সমস্যা হবে শ্রেয়সদের। অথচ প্রথম সাত ম্যাচ অপরাজিত ছিল পঞ্জাব। সেই কারণেই হয়তো মেজাজ ধরে রাখতে পারছেন না শ্রেয়স।

Advertisement
আরও পড়ুন