Shubman Gill

টেস্ট বিশ্বকাপ এবং এক দিনের বিশ্বকাপে নজর দাও! টি-টোয়েন্টি থেকে শুভমনকে বাদ দিয়ে স্পষ্ট বার্তা নির্বাচকদের

আয়ারল্যান্ড, ইংল্যান্ড সিরিজ়ই হোক বা এশিয়ান গেমস, শনিবার কোনও টি-টোয়েন্টি দলেই শুভমন গিলকে রাখেননি নির্বাচকেরা। শোনা গিয়েছে, শুভমনকে ২০২৭ পর্যন্ত মন দিতে বলা হয়েছে টেস্ট এবং এক দিনের ক্রিকেটে। কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ২১:৩১
cricket

শুভমন গিল। ছবি: পিটিআই।

আইপিএলে ভাল খেলে দলকে ফাইনালে তোলার পর তাঁকে টি-টোয়েন্টি দলে নেওয়া হবে, এমনটাই আশা করা হয়েছিল। কিন্তু আয়ারল্যান্ড, ইংল্যান্ড সিরিজ়ই হোক বা এশিয়ান গেমস, শনিবার কোনও টি-টোয়েন্টি দলেই শুভমন গিলকে রাখেননি নির্বাচকেরা। শোনা গিয়েছে, শুভমনকে ২০২৭ পর্যন্ত মন দিতে বলা হয়েছে টেস্ট এবং এক দিনের ক্রিকেটে। টেস্ট বিশ্বকাপ এবং এক দিনের বিশ্বকাপের কথা ভেবেই এই সিদ্ধান্ত।

Advertisement

গত আইপিএলে ৭৩২ রান করলেও সুযোগ পাননি শুভমন। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিশন, বৈভব সূর্যবংশী থাকায় ওপেনিংয়ে কোনও জায়গাই ফাঁকা নেই। নির্দিষ্ট কারণেই তাঁকে রাখা হয়নি বলে জানা গিয়েছে।

সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র বলেছেন, “অতিরিক্ত ক্রিকেটের চাপে শুভমন যাতে বিধ্বস্ত না হয়ে পড়ে, সেটা মাথায় রেখেছেন নির্বাচকেরা। আগামী ১৮ মাসে যে পরিমাণ ক্রিকেট রয়েছে তাতে একজনের পক্ষে কোনও ভাবেই তিনটে ফরম্যাটে খেলা সম্ভব নয়। শুভমন ন’টা টেস্টে নেতৃত্ব দেবে। ২০২৭ বিশ্বকাপের আগে অন্তত ৩৫টা এক দিনের ম্যাচ খেলবে।”

ওই সূত্র আরও বলেছেন, “শুভমনকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই দুটো আইসিসি প্রতিযোগিতার জন্য ওকে ফিট থাকতে হবে। এ ছাড়া পরের বছর আইপিএলে গুজরাতের হয়েও খেলবে ও।”

শোনা গিয়েছে, পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা থেকে পুরোপুরি মুছে ফেলা হয়নি শুভমনকে। ওই সূত্র বলেছেন, “২০২৮-এর বড় টি-টোয়েন্টি প্রতিযোগিতার জন্য এখনও সময় রয়েছে। শুভমনের জন্য অদূর ভবিষ্যতের কথা ভাবা হয়েছে। দু’বছর পর কার কী রকম ফর্ম এবং ফিটনেস থাকবে কেউ জানে না। আপাতত ২০২৭ পর্যন্ত এটাই পরিকল্পনা।”

Advertisement
আরও পড়ুন