IPL 2026

সমস্যা বেড়েই চলেছে মুম্বইয়ের, গোটা আইপিএল থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে বিদেশি স্পিনারকে নিলেন হার্দিকেরা

চেন্নাই সুপার কিংস ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন মিচেল স্যান্টনার। তাঁর কাঁধের হাড় সরে গিয়েছে। এ বারের আইপিএলে আর খেলতে পারবেন না নিউ জ়িল্যান্ডের অধিনায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৭:৩৮
picture of cricket

হার্দিক পাণ্ড্য। ছবি: পিটিআই।

আইপিএলে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না মুম্বই ইন্ডিয়ান্স। সাতটি ম্যাচের পাঁচটিতেই হেরেছে হার্দিক পাণ্ড্যের দল। চোট সারিয়ে এখনও খেলায় ফেরেননি রোহিত শর্মা। এই পরিস্থিতির মধ্যে মুম্বই শিবিরের চিন্তা বাড়ালেন মিচেল স্যান্টনার।

Advertisement

চেন্নাই সুপার কিংস ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন স্যান্টনার। তাঁর কাঁধের হাড় সরে গিয়েছে। এ বারের আইপিএলে আর খেলতে পারবেন না নিউ জ়িল্যান্ডের অধিনায়ক। স্বাভাবিক ভাবেই স্যান্টনারের মতো প্রথম সারির অলরাউন্ডারকে হারিয়ে উদ্বিগ্ন মুম্বই শিবির। তবে পরিবর্ত ক্রিকেটার নিতে দেরি করেননি মাহেলা জয়বর্ধনেরা। স্যান্টনারের পরিবর্ত হিসাবে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজকে সই করিয়েছে মুম্বই।

আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘বাঁ কাঁধে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন মিচেল স্যান্টনার। তাঁর পরিবর্ত হিসাবে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজকে সই করিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংস ম্যাচে বাউন্ডারির কাছে একটি ক্যাচ ধরতে গিয়ে চোট পান অভিজ্ঞ অলরাউন্ডার। মহারাজ কিছু দিন আগে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ভাল পারফর্ম করেছেন। ২০২৪ সালে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের দু’টি ম্যাচ খেলেন।’’

২০২৫ সালের নিলামে স্যান্টনারকে ২ কোটি টাকায় দলে নিয়েছিলেন মুম্বই কর্তৃপক্ষ। এ বার তাঁকে ধরে রাখা হয়। অন্য দিকে, মহারাজ ২০২৪ সালে লখনউ সুপার জায়ান্টসে নেট বোলার হিসাবে যোগ দিয়েছিলেন। পরে তাঁকে সই করিয়েছিল রাজস্থান।

মহারাজকে ৭৫ লাখ টাকায় সই করিয়েছে মুম্বই। তিনি দলের সঙ্গে যোগও দিয়েছেন। আগামী ২৯ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে মুম্বইয়ের হয়ে খেলতে পারেন তিনি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন মহারাজ। ৫৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৫টি উইকেট রয়েছে ৩৬ বছরের বাঁ হাতি স্পিনারের। ১০৭ রান করেছেন তিনি। স্যান্টনারের মতো অলরাউন্ডারের পরিবর্তে মহারাজকে নেওয়ায় কিছুটা হলেও কমবে মুম্বইয়ের শক্তি।

Advertisement
আরও পড়ুন