Differently Able Cricket

ক্রিকেট বোর্ডের নাম থেকে বাদ দিতে হবে ‘ভারত’ শব্দ, নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার

ক্রিকেট বোর্ডের নাম থেকে ‘ভারত’ বা ‘ভারতীয়’ শব্দ বাদ দিতে হবে। যে হেতু সংস্থা জাতীয় ক্রীড়া সংস্থা (এনএসএফ) দ্বারা স্বীকৃত নয়, তাই এই দু’টি শব্দ কোনও ভাবেই সংস্থার নামের সঙ্গে ব্যবহার করা যাবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২০:১১
cricket

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ক্রিকেট বোর্ডের নাম থেকে ‘ভারত’ বা ‘ভারতীয়’ শব্দ বাদ দিতে হবে। যে হেতু সংস্থা জাতীয় ক্রীড়া সংস্থা (এনএসএফ) দ্বারা স্বীকৃত নয়, তাই এই দু’টি শব্দ কোনও ভাবেই সংস্থার নামের সঙ্গে ব্যবহার করা যাবে না। সম্প্রতি বিশেষ ভাবে সক্ষম ভারতীয় ক্রিকেট সংসদ বা ডিসিসিআই-কে এমনই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

ডিসিসিআই সচিব রবি কান্ত চৌহানকে একটি চিঠিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শুধুমাত্র সরকার স্বীকৃত ক্রীড়া সংগঠনই নিজেদের নামের সঙ্গে ‘ভারত’ শব্দটি ব্যবহার করতে পারে। একই চিঠি পাঠানো হয়েছে ভারতীয় মহিলা ফুটবল সংস্থা এবং ভারতীয় বডি বিল্ডার্স সংস্থাকেও।

সংবাদ সংস্থার খবর অনুযায়ী কেন্দ্রীয় সরকার তাদের চিঠিতে জানিয়েছে, এই তিনটি সংস্থা যে ‘ভারত’ বা ‘ভারতীয়’ শব্দ নিজেদের সংগঠনের নামে ব্যবহার করছে তা সম্প্রতি তাদের নজরে এসেছে। জাতীয় ক্রীড়া সংস্থার তরফে স্বীকৃত না হলে এই দু’টি শব্দ ব্যবহার করা যায় না। তাই দ্রুত নিজেদের সংগঠনের থেকে এই দু’টি শব্দ বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তির কথাও বলা হয়েছে।

ঘটনাচক্রে, ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) জাতীয় ক্রীড়া সংস্থার স্বীকৃত সংস্থা নয়। তবে তাদের কোনও চিঠি পাঠানো হয়নি। ডিসিসিআই-য়ের সচিব রবি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের চিঠি তাঁরা পেয়েছেন। তাঁর অনুরোধ, “দয়া করে আমাদের স্বীকৃতি দিক কেন্দ্রীয় সরকার। কারণ বিশেষ ভাবে সক্ষমদের ক্রিকেট আমরাই চালাই। আমরা বিশ্বকাপ, এশিয়া কাপ এবং দ্বিপাক্ষিক সিরিজ়-সহ জাতীয় স্তরের প্রতিযোগিতা আয়োজন করেছি। আমাদের জাতীয় দল ইংল্যান্ড, শ্রীলঙ্কায় গিয়ে খেলে এসেছে। বিসিসিআই-ও আমাদের স্বীকৃতি দিয়েছে। তা হলে কেন্দ্রীয় সরকারের সমস্যা কোথায়?”

রবির দাবি, দৃষ্টিহীনদের ক্রিকেট সংস্থা, হুইলচেয়ার ক্রীড়া সংস্থার মতো বাকি যারা এই দু’টি শব্দ ব্যবহার করে, তাদেরও একই চিঠি পাঠানো হোক।

Advertisement
আরও পড়ুন