FIFA World Cup 2026

আমেরিকায় ফুটবল বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি ইরানের, চাপে ফিফা, এশিয়া থেকে সুযোগ পাওয়ার দৌড়ে দুই দেশ

আমেরিকা এবং ইজ়রায়েলের আক্রমণে মৃত্যু হয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনেইয়ের। এ বার ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে জল্পনা তৈরি হল। আমেরিকায় গিয়ে ইরানের বিশ্বকাপ খেলার সম্ভাবনা খুবই কম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৭:০৭
football

বিশ্বকাপে হয়তো দেখা যাবে না ইরানের সমর্থকদের। ছবি: সমাজমাধ্যম।

আমেরিকায় ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে জল্পনা তৈরি হল। ইরানের ফুটবল সংস্থার মুখ্যকর্তা মেহদি তাজি জানিয়েছেন, পরিস্থিতি যা তাতে আমেরিকায় গিয়ে ইরানের বিশ্বকাপ খেলার সম্ভাবনা খুবই কম।

Advertisement

ইরানে যৌথ ভাবে আক্রমণ করেছে আমেরিকা এবং ইজ়রায়েল। মৃত্যু হয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনেইয়ের। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত চ্যানেলে মেহদি বলেছেন, “আমেরিকার আক্রমণের পর ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ করার সম্ভাবনা খুবই কম। তবে এই সিদ্ধান্ত নেবেন ক্রীড়াকর্তারাই।”

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এশিয়ার যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ এ-তে জয়ী দল হিসাবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরান। তাদের তিনটি ম্যাচই হবে আমেরিকার মাটিতে। ১৫ এবং ২১ জুন তারা খেলবে লস অ্যাঞ্জেলেসে, যথাক্রমে নিউ জ়িল্যান্ড এবং বেলজিয়ামের বিপক্ষে। ২৬ জুন মিশরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সিয়াটলে। তবে এই মুহূর্তে ম্যাচ হওয়ার সম্ভাবনা কম।

উল্লেখ্য, গত বছর বিশ্বকাপের সূচি ঘোষণার আগেই ডোনাল্ড ট্রাম্প ইরানের বাসিন্দাদের আমেরিকা যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সিদ্ধান্তের প্রতিবাদ করে ইরানের কর্তারা সূচি ঘোষণার অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন। শুরুতে তাঁদের ভিসাও দেয়নি আমেরিকা। বিস্তর টালবাহানার পর ভিসা দেওয়া হয় এবং ইরানের কর্তারাও সিদ্ধান্ত বদলে আমেরিকায় গিয়ে সূচি ঘোষণার অনুষ্ঠানে অংশ নেন। কিন্তু তাতে সম্পর্ক শীতল হয়নি।

আপাতত ফিফা জানিয়েছে, তারা নিবিড় ভাবে ইরানের পরিস্থিতির দিকে নজর রাখছে। ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্ট্রম বলেছেন, “আমরা ইরানের পরিস্থিতির খবর পেয়েছি। এ নিয়ে বৈঠকও হয়েছে। তবে এখনও বিস্তারিত কিছু বলার সময় আসেনি। বিশ্বের বিভিন্ন সমস্যার দিকেই আমাদের নজর রয়েছে। সব দেশ যাতে নিরাপদে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে সেটা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। আয়োজক সব দেশের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।”

ইরান বিশ্বকাপে না খেললে কী হবে?

ফিফার নিয়ম অনুযায়ী, যে দল নাম প্রত্যাহার করেছে সেই গ্রুপের রানার-আপ দল বা সংশ্লিষ্ট মহাদেশ থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন না করা সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ের দল প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে। সেই হিসাবে, বিশ্বকাপে খেলতে পারে সংযুক্ত আরব আমিরশাহি। এশিয়ায় তারাই সর্বোচ্চ র‌্যাঙ্কিং থাকা দল যারা বিশ্বকাপে খেলতে পারছে না।

অথবা সুযোগ দেওয়া হতে পারে ইরাককে। মার্চ মাসে ইরাক আন্তর্মহাদেশীয় যোগ্যতা অর্জন পর্বে খেলবে বলিভিয়া বা সুরিনামের বিরুদ্ধে। ইরাককে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ করে দিতে পারে ফিফা। সে ক্ষেত্রে আন্তর্মহাদেশীয় যোগ্যতা অর্জন পর্বে আমিরশাহিকে খেলতে হবে।

Advertisement
আরও পড়ুন