match fixing

শ্রীলঙ্কার ঘরোয়া লিগে ম্যাচ গড়াপেটা, গ্রেফতার কেকেআরের প্রাক্তন ক্রিকেটার

তিন মাস আগে তাঁর দেশ ছাড়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বুধবার তাঁকে গ্রেফতার করা হল। এ বার ফৌজদারি মামলা করে তদন্ত শুরু হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৫
cricket

সচিত্র সেনানায়ক। — ফাইল চিত্র।

দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হল শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সচিত্র সেনানায়ককে। বুধবার তাঁকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার ক্রীড়া দুর্নীতিদমন শাখা। সকালে সেনানায়ক এসে আত্মসমর্পণ করেন। তিন সপ্তাহ আগে আদালতের নির্দেশে তাঁকে দেশের বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

Advertisement

২০২০ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটা করার অভিযোগ উঠেছিল সেনানায়কের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রকের বিশেষ তদন্তকারী দল বুধবার কলম্বোর মুখ্য বিচারবিভাগীয় আদালতে জানিয়েছে যে সেনানায়কের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা করা হবে।

সেনানায়কের বিরুদ্ধে অভিযোগ অবশ্য নতুন নয়। ২০২০ সালের লঙ্কা প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচ গড়াপেটা করার চেষ্টার অভিযোগ উঠেছিল সেনানায়েকের বিরুদ্ধে। শ্রীলঙ্কার হয়ে খেলা অফ স্পিনারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। ৩৮ বছরের সেনানায়কের বিরুদ্ধে অভিযোগ ছিল, দুই ক্রিকেটারকে ফোনে ম্যাচ গড়াপেটা করার প্রস্তাব দিয়েছিলেন। লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল শ্রীলঙ্কা পুলিশ।

আদালতে চার্জশিট জমা দেওয়ার পর শুরু হয়েছিল শুনানি পর্ব। সেই মামলায় কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট কোর্ট সেনানায়কের দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বিচারক শ্রীলঙ্কার অভিবাসন দফতরকে নির্দেশ দিয়েছিলেন, সেনানায়েক যাতে কোনও ভাবেই দেশ ছাড়তে না পারেন, তা নিশ্চিত করতে হবে। আগামী তিন মাস এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছিলেন বিচারক।

দেশের হয়ে ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে একটি টেস্ট, ৪৯টি এক দিনের ম্যাচ এবং ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন সেনানায়েক। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭৮টি উইকেট রয়েছে। গত বছর ক্রিকেট থেকে অবসর নেওয়া সেনানায়েক আইপিএলেও খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

Advertisement
আরও পড়ুন