IPL 2026

আইপিএলের মাঝেই বাবা হলেন সূর্যকুমার, সন্তানের জন্ম দিলেন স্ত্রী দেবিশা

বৃহস্পতিবার সকালে জানা গিয়েছিল, বিরাট কোহলির দল বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএলের ম্যাচ খেলতে রায়পুরে যাননি সূর্যকুমার যাদব। কেন তিনি খেলতে গেলেন না তার আসল কারণ অবশেষে জানা গেল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ২০:০৮
cricket

সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

বৃহস্পতিবার সকালে জানা গিয়েছিল, বিরাট কোহলির দল বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএলের ম্যাচ খেলতে রায়পুরে যাননি সূর্যকুমার যাদব। কেন তিনি খেলতে গেলেন না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনার নিরশন হল সন্ধ্যাতেই। সমাজমাধ্যমে পোস্ট করে সূর্য নিজেই জানিয়েছেন, তিনি কন্যাসন্তানের বাবা হয়েছেন।

Advertisement

১০ বছর আগে চিকিৎসক দেবিশা শেট্টির সঙ্গে বিয়ে হয় সূর্যকুমারের। কলেজ জীবন থেকেই দু’জনের প্রেম ছিল। একটি নাচের অনুষ্ঠানে গিয়ে দেবিশাকে ভাল লেগে গিয়েছিল সূর্যকুমারের। তিনিই দেবিশাকে প্রেমপ্রস্তাব দেন। তখন সবে আইপিএলে খ্যাতি পেতে শুরু করেছিলেন সূর্যকুমার। সেই সময়েই দেবিশাকে বিয়ে করেন।

ক্রিকেটজীবনে সাফল্যের সময়ে বার বার স্ত্রীর ভূমিকা উল্লেখ করেছেন সূর্যকুমার। জানিয়েছেন, কঠিন সময়ে কী ভাবে স্ত্রী প্রতি মুহূর্তে তাঁর পাশে ছিলেন। এমনকি পেশা ছেড়ে সূর্যের সঙ্গে নিয়মিত যাতায়াত করেন দেবিশা। তবে আইপিএলে তাঁকে মাঠে দেখা যাচ্ছিল না। সব জল্পনা শেষ হল বৃহস্পতিবার।

সূর্য সুখবর পেলেও আইপিএলটা তাঁর দল মুম্বইয়ের কাছে একেবারেই ভাল যাচ্ছে না। ১০টির মধ্যে মাত্র তিনটি ম্যাচ জিতে তারা রয়েছে ন’নম্বরে। সূর্য নিজেও ভাল খেলতে পারছেন না। ১০টি ম্যাচে মাত্র ১৯৫ রান করেছেন।

রায়পুরে ম্যাচ খেলতে মুম্বইয়ের গোটা দল একসঙ্গে যায়নি। বিভিন্ন ভাগে গিয়েছে তারা। প্রথম ব্যাচের সঙ্গে যাওয়ার কথা ছিল হার্দিকের। তিনি যাননি। দ্বিতীয় ব্যাচের সঙ্গে যাওয়ার কথা ছিল সূর্যের। তিনিও যাননি।

এই পরিস্থিতিতে মুম্বইয়ের অধিনায়ক হতে পারেন রোহিত। কিন্তু তিনি নিজেও চোট পেয়েছিলেন। বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। লখনউয়ের বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলেছিলেন। ভাল ব্যাট করেছিলেন। কিন্তু অধিনায়কত্ব করতে হলে টানা ২০ ওভার ফিল্ডিং করতে হবে রোহিতকে। সেই ফিটনেস এখন তাঁর রয়েছে কিনা জানা নেই।

শোনা যাচ্ছে, রবিবার সকাল পর্যন্ত রোহিতের জন্য অপেক্ষা করা হবে। তিনি যদি ফিটনেস টেস্ট পাশ করেন, তা হলে বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বইয়ের অধিনায়কের দায়িত্ব সামলাবেন রোহিত। আর পাশ করতে না পারলে অন্য নাম ভাবতে হবে মুম্বইকে। সে ক্ষেত্রে দায়িত্ব পেতে পারেন জসপ্রীত বুমরাহ।

Advertisement
আরও পড়ুন