Sri Lanka Vs Bangladesh Test Series

ব্যাটারদের পর ব্যর্থ বোলারেরাও, শ্রীলঙ্কার নিসঙ্কের শতরানে চাপ আরও বাড়ল বাংলাদেশের

প্রথম দিন ব্যাটারেরা রান পাননি। দ্বিতীয় দিন ব্যর্থ বাংলাদেশের বোলারেরাও। দ্বিতীয় টেস্টে চাপ বাড়ছে তাদের উপর। দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় শ্রীলঙ্কা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ২০:৫৮
cricket

শতরানের পর উল্লাস শ্রীলঙ্কার পাথুম নিসঙ্কের। ছবি: পিটিআই।

গল থেকে কলম্বোর মাঠে এসে খেলা বদলে গিয়েছে বাংলাদেশের। ব্যাটিং, বোলিং কিছুই ভাল হচ্ছে না। দ্বিতীয় টেস্টের প্রথম দিন ব্যাটারেরা রান পাননি। দ্বিতীয় দিন ব্যর্থ বাংলাদেশের বোলারেরাও। দ্বিতীয় টেস্টে চাপ বাড়ছে তাদের উপর। দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের থেকে ৪৩ রানে এগিয়ে শ্রীলঙ্কা। হাতে এখনও ৮ উইকেট রয়েছে তাদের। শতরান করে খেলছেন পাথুম নিসঙ্ক।

Advertisement

প্রথম দিনের শেষে বাংলাদেশের রান ছিল ৮ উইকেটে ২২০। দ্বিতীয় দিন আর ২৭ রান যোগ করে বাংলাদেশের শেষ দুই জুটি। ২৪৭ রানে শেষ হয়ে যায় প্রথম ইনিংস। দেখে মনে হচ্ছিল, শ্রীলঙ্কার ব্যাটারেরাও সমস্যায় পড়বেন। কিন্তু কোথায় কী? ওপেনিং জুটিতেই উঠল ৮৮ রান। সেখানেই খেলার রাশ বেরিয়ে গেল বাংলাদেশের হাত থেকে।

ভাল শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার নিসঙ্ক ও লাহিরু উদারা। নিসঙ্ক ধীরে খেললেও উদারা দ্রুত রান করছিলেন। ওভার প্রতি ৪ রান করে উঠছিল। ৬৫ বলে ৪০ রান করে আউট হন উদারা। দ্বিতীয় উইকেটে অভিজ্ঞ দীনেশ চণ্ডীমলের সঙ্গে জুটি বাঁধেন নিসঙ্ক। তাঁরা বাংলাদেশের হাত থেকে খেলা ক্রমশ দূরে নিয়ে যান।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান করেছিলেন নিসঙ্ক। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও তিন অঙ্কে পৌঁছোলেন তিনি। শতরান করার সুযোগ ছিল চণ্ডীমলেরও। কিন্তু ৯৩ রানের মাথায় নইম হাসানের বলে আউট হন তিনি। নিসঙ্ককে অবশ্য আউট করতে পারেননি বাংলাদেশের বোলারেরা।

উইকেট তোলার সব রকম চেষ্টা করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু বোলারেরা তাঁর মুখে হাসি ফোটাতে পারেননি। দ্বিতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার রান ২ উইকেটে ২৯০। বাংলাদেশের থেকে ৪৩ রান এগিয়ে তারা। নিসঙ্ক ১৪৬ ও প্রবাথ জয়সূর্য ৫ রানে ব্যাট করছেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া হয়েছিল নিসঙ্কের। এই ইনিংসে আবার সেই সুযোগ তাঁর কাছে। এখন দেখার তৃতীয় দিন লিড কতটা বাড়াতে পারেন তাঁরা। যা পরিস্থিতি তাতে তৃতীয় দিন শ্রীলঙ্কার প্রথম ইনিংস তাড়াতাড়ি শেষ করতে না পারলে আরও পিছিয়ে পড়বেন শান্তরা।

Advertisement
আরও পড়ুন