বৈভব সূর্যবংশী। ছবি: রয়টার্স।
নতুন নজির বৈভব সূর্যবংশীর। শনিবার আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৬ বলে ৩৬ রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েছে কিশোর ব্যাটার। তার দল রাজস্থান রয়্যালস হারলেও বৈভব ভেঙে দিয়েছে অস্ট্রিয়ার করণবীর সিংহের রেকর্ড।
গুজরাতের মহম্মদ সিরাজকে নিজের প্রথম ছয় মেরে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০টি ছক্কার মাইলফলকে পৌঁছেছে বৈভব। ১৫ বছরের ব্যাটার এই মাইলফলকে পৌঁছোতে খরচ করেছে ৫১৪টি বল। এত কম বল খেলে বিশ্বের কোনও ক্রিকেটার ২০ ওভারের ক্রিকেটে ছক্কা ‘সেঞ্চুরি’ করতে পারেননি। আগের বিশ্বরেকর্ডটি ছিল অস্ট্রিয়ার করণবীরের দখলে। তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ ছক্কার মাইলফলকে পৌঁছে ছিলেন ৮১৩ বল খেলে। অর্থাৎ ২৯৯টি বল কম খেলে তাঁর রেকর্ড ভেঙে দিল বৈভব।
টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০০ ছয় মারার তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছেন কায়রন পোলার্ড। তিনি ৮৪৩ বলে ১০০টি ছক্কায় পৌঁছেছিলেন। চতুর্থ স্থানে রোমারিয়ো শেফার্ড (৮৪৫ বল) এবং পঞ্চম স্থানে সিক্কুগে প্রসন্ন (৮৫০ বল)। এর আগে সকলেই টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ ছক্কা মারতে কমপক্ষে ৮০০টি বল খেলেছেন। বৈভব সেখানে ৫১৪টি বল খেলেই বিশ্বরেকর্ড গড়ে ফেলল। ১৫ বছরের ব্যাটার প্রমাণ করে দিল গোটা বিশ্বে ছক্কা মারার ক্ষেত্রে সেই সেরা।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন বৈভবের ছক্কার সংখ্যা ১০২টি। এ বারের আইপিএলে তার ব্যাট থেকে এসেছে ৪০টি ছয়। আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি ছয় মারার নজির রয়েছে অভিষেক শর্মার। তিনি ২০২৪ সালে ৪২টি ছয় মেরেছিলেন। বৈভব সেই রেকর্ডও ভেঙে দিতে পারে এ বার। তবে অভিষেকের একটি রেকর্ড শনিবারই ভেঙে দিয়েছে রাজস্থানের ওপেনার। আইপিএলে পাওয়ার প্লেতে বৈভবের ছক্কার সংখ্যা এখন ৩০। ২০২৪ সালে অভিষেক পাওয়ার প্লেতে ২৯টি ছয় মেরেছিলেন। শুভমন গিলের দলের বিরুদ্ধে এই রেকর্ডটিও গড়েছে বৈভব।