Vaibhav Sooryavanshi

অবশেষে সিনিয়র জার্সি বৈভবের গায়ে, ভাষাই হারিয়ে ফেলল ১৫ বছরের ক্রিকেটার, কত নম্বর জার্সি পরে খেলবে, জানা গেল তা-ও

এ বার সিনিয়র দলের হয়ে খেলতে নামবে বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি দলে রয়েছে সে। বৈভবের গায়ে প্রথম বার উঠল সিনিয়র দলের জার্সি। দেখে ভাষাই হারিয়ে ফেলল সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৭:০৪
sports

বৈভব সূর্যবংশী। ছবি: সমাজমাধ্যম।

জুনিয়র দল বা ‘এ’ দলের হয়ে খেলার পালা আপাতত শেষ। এ বার সিনিয়র দলের হয়ে খেলতে নামবে বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি দলে রয়েছে সে। বৈভবের গায়ে প্রথম বার উঠল সিনিয়র দলের জার্সি। দেখে ভাষাই হারিয়ে ফেলল ১৫ বছরের ক্রিকেটার।

Advertisement

মঙ্গলবার ভারতীয় দলের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। দেখা যায়, বৈভবের জন্য জার্সি নিয়ে যাওয়া হচ্ছে হোটেলে তাঁর ঘরের দিকে। বাক্স খুলে সিনিয়র দলের জার্সি বার করতেই অদ্ভুত চোখে সে দিকে তাকিয়ে থাকে বৈভব। জার্সিটা ধরে বেশ কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকে সে। একমনে দেখতে থাকে। সেই ভিডিয়ো দিয়ে বোর্ড লিখেছে, “আপনারা যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন, তা এসে গিয়েছে! টিম ইন্ডিয়ার জার্সিতে বৈভব সূর্যবংশী। অসাধারণ এই মুহূর্তটা দেখে রাখুন।”

পরে সেই ভিডিয়ো বৈভব বলেছে, “সত্যি বলতে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। যে কারণে প্রথম যে দিন ক্রিকেট ব্যাট হাতে তুলে নিয়েছিলাম এবং মাঠে অনুশীলন করতে ছুটেছিলাম, সেটা অবশেষে এসে গিয়েছে। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। যাত্রার সবচেয়ে বড় ধাপ পেরিয়ে গিয়েছি। ভাষায় এগুলো বলে বোঝানো সম্ভব নয়। স্বপ্নের মতো মনে হচ্ছে। জার্সি দেখার পর থেকে আমার হাসি থামছেই না।”

ভারতীয় দলে তিন নম্বর জার্সি পরে খেলবে বৈভব। অতীতে সেই জার্সি পরেছেন হরভজন সিংহ, সুরেশ রায়নার মতো ক্রিকেটার। বৈভব বলেছে, “কখনও সখনও এমন কিছু ঘটে যায় যা আপনি কোনও দিন কল্পনাও করতে পারেননি। শেষ পর্যন্ত সেটা হতে দেখলে প্রকাশ করার ভাষা খুঁজে পাওয়া যায় না। ঠিক সেটাই হয়েছে আমার।”

আয়ারল্যান্ডে গিয়ে দু’টি টি-টোয়েন্টি খেলবে ভারত। ২৬ এবং ২৮ জুন খেলা দু’টি হবে বেলফাস্টে। এর পর ইংল্যান্ড সফরে যাবে ভারত।

Advertisement
আরও পড়ুন