বিরাট কোহলি। —ফাইল চিত্র।
ব্যাট হাতে রান পাননি। কিন্তু দলে তাঁর ভূমিকা ঠিক কী তা আরও এক বার দেখা গেল। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি। মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে সাজঘরে দলকে তাতালেন কোহলি। দলকে চ্যাম্পিয়ন হওয়ার মন্ত্র দিলেন তিনি।
বেঙ্গালুরুর সাজঘরের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, উত্তেজিত ভঙ্গিতে সতীর্থদের সঙ্গে কথা বলছেন কোহলি। তিনি বলেন, “আমি অল্প কথা বলব। অ্যান্ডিকে ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য। এই ধরনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে গেলে আমাদের একটা দল হিসাবে খেলতে হবে। এই ধরনের ম্যাচ দরকার ছিল। আমাদের মরিয়া হতে হত। লড়ে জিততে হত। সেটা পেরেছি। পরের ম্যাচগুলোতেও এই মানসিকতা নিয়ে খেলতে হবে। তবেই চ্যাম্পিয়ন হতে পারব।”
বিশেষ করে ভুবনেশ্বর কুমারের প্রশংসা শোনা গিয়েছে কোহলির মুখে। তিনি বলেন, “যে ভাবে শুরু করেছিলাম, সেটাই অসাধারণ। ভুবি পাওয়ার প্লে-তে অসাধারণ। তুমি যে ভাবে নিজের পরিকল্পনা কাজে লাগিয়েছ, তা দেখার মতো। এই মরসুমে ছ’ম্যাচে ৩ উইকেট বা তার বেশি নিলে। এই দৃশ্য সচরাচর দেখা যায় না। এই কাজটাই আমাদের করে যেতে হবে।”
রোমারিয়ো শেফার্ডের বোলিংয়ে মুগ্ধ কোহলি। তিনি থাকায় দলের বোলিংয়ে বিকল্প আরও বাড়ছে বলে জানিয়েছেন তিনি। কোহলি বলেন, “শেফার্ড, তুমি যে ভাবে বল করেছ তা অসাধারণ। দেখে বোঝা যাচ্ছে, তোমার মধ্যে কতটা আত্মবিশ্বাস রয়েছে। ঠিক জায়গায় বল ফেলেছ। তুমি থাকায় রজতের কাজটাও সহজ হয়ে গিয়েছে।”
বেঙ্গালুরুকে জেতাতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন ক্রুণাল পাণ্ড্য। কঠিন পরিস্থিতিতে ৭৩ রানের ইনিংস খেলেছেন তিনি। ক্রুালের কথাও শোনা গিয়েছে কোহলির মুখে। তিনি বলেন, “ক্রুণালের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। যত কঠিন পরিস্থিতিই হোক না কেন, ও ঠিক ম্যাচ বার করে। এই ম্যাচেও সেটাই দেখাল। ওর মতো ম্যাচ উইনার থাকায় আমরা আবার চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার।”
শেষ বলে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে তাদের প্লে-অফের দৌড় থেকে ছিটকে দিয়েছে আরসিবি। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার সবচেয়ে উপরে গত বারের চ্যাম্পিয়নেরা। আরও এক বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন কোহলিরা।