ICC T20 World Cup 2026

সূর্যদের হুঁশিয়ারি ওয়েস্ট ইন্ডিজ়ের হেটমায়ারের! দলকে জিতিয়ে বললেন, ‘বেশি কিছু ভাবি না, এখন আমার ব্যাটই কথা বলে’

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। সামনে ভারতের বিরুদ্ধে খেলা রয়েছে তাদের। সেই ম্যাচের আগে কি ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন শিমরন হেটমায়ার?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১০
cricket

শিমরন হেটমায়ার। ছবি: পিটিআই।

ছন্দে রয়েছেন শিমরন হেটমায়ার। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি ভাল ইনিংস খেলেছেন তিনি। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৩৪ বলে ৮৫ রানের ইনিংস খেলেছেন। মাত্র ১৯ বলে করেছেন অর্ধশতরান, যা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। সামনে ভারতের বিরুদ্ধে খেলা রয়েছে তাদের। সেই ম্যাচের আগে কি ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন হেটমায়ার? তাঁর কথায় তেমনটাই ইঙ্গিত।

Advertisement

ম্যাচের সেরা হয়ে হেটমায়ার জানিয়েছেন, এখন আর মুখে বেশি কথা বলেন না তিনি। হেটমায়ার বলেন, “আগে অনেক বেশি ভাবতাম। ব্যাট করতে নামার আগে ভাবতাম, কী ভাবে খেলব। কোথায় মারব। এখন আর সে সব ভাবি না। এখন আমার ব্যাটই কথা বলে।”

গ্রুপের শেষ ম্যাচে ইটালির বিরুদ্ধে রান পাননি হেটমায়ার। তাই সুপার এইটের শুরুতে বড় রান চেয়েছিলেন হেটমায়ার। সেটা পেয়েছেন। হেটমায়ার বলেন, “আগের ম্যাচে রান পাইনি, খারাপ লেগেছিল। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় ছন্দ ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ। সামনের ম্যাচগুলোতেও সেটা করার চেষ্টা করব।”

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে তিন নম্বরে নামছেন হেটমায়ার। নতুন ভূমিকায় অনেক বেশি বল পাচ্ছেন তিনি। তা কাজেও লাগাতে পারছেন। ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটার বলেন, “আমার সুবিধা হচ্ছে। আরও বেশি বল খেলতে পারছি। শুরুতে সময় নিতে পারছি। নিজের মতো করে ইনিংস চালাতে পারছি। আমার উপর দল ভরসা রেখেছে। তার দাম দিতে পারছি।”

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রবিবার সুপার এইটের শেষ ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ় মুখোমুখি। সেই ম্যাচের উপরেই নির্ভর করতে পারে, কোন দল সেমিফাইনালে জায়গা করে নেবে। তার আগে সূর্যকুমার যাদবদের চিন্তা বাড়িয়েছেন হেটমায়ার। ভারতের বিরুদ্ধে তিনি এই ফর্মে খেললে কিন্তু কপালে দুঃখ আছে গৌতম গম্ভীরদের।

(ভ্রম সংশোধন: এই প্রতিবেদনে পয়েন্ট তালিকায় গ্রুপ ১-এর দলগুলির নেট রানরেট ভুল প্রকাশিত হয়েছিল। সঠিক পয়েন্ট তালিকা দেওয়া হল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।)

Advertisement
আরও পড়ুন