PSL 2026

ঘামে ভেজা জার্সির রং উঠে সাদা বল হয়ে গেল গোলাপি! প্রথম ম্যাচেই বিতর্কে পাকিস্তান সুপার লিগ

পাকিস্তান সুপার লিগের শুরুতেই বিতর্ক। বৃহস্পতিবার লাহৌর কালান্ডার্স এবং হায়দরাবাদ কিংসমেন ম্যাচ শুরুর পর বদলাতে থাকে বলের রং। প্রথমে সাদা রঙের উজ্জ্বলতা কমে যায়। পরে সেটি গোলাপি হয়ে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৩:৫৪
picture of cricket

পিএসএলে গোলাপি হয়ে যাওয়া বল পরীক্ষা আম্পায়ারদের। ছবি: এক্স।

গোলাপি বলে টি-টোয়েন্টি ক্রিকেট! শুরুতেই বিতর্কে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বৃহস্পতিবার লাহৌর কলন্দর্স এবং হায়দরাবাদ কিংসমেনের ম্যাচ শুরুর কিছুক্ষণ পর বদলে যায় বলের রং। যা নিয়ে বিদ্রুপের শিকার হতে হল মার্নাস লাবুশেনের কিংসমেনকে।

Advertisement

ম্যাচ শুরুর সময় সব ঠিকঠাক ছিল। সাদা বলেই শুরু হয়েছিল খেলা। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক লাবুশেন। কিছুক্ষণ পর থেকেই বলের রং বদলাতে শুরু করে। প্রথমে বলের সাদা রঙের ঔজ্জ্বল্য কমতে শুরু করে। পরে বলটির রং পরিবর্তন হয়ে গোলাপি হয়ে যায়। পিএসএলের এই গোলাপি বলের ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

বলের সমস্যার জন্য রং পরিবর্তন হয়নি। বলের রং বদলে দেয় হায়দরাবাদের জার্সি। বল চকচকে রাখার জন্য ক্রিকেটারেরা সাধারণত জার্সি বা লোয়ারে বল ঘষেন। ক্রিকেট মাঠে যা অত্যন্ত পরিচিত। বৃহস্পতিবার লাবুশেনের দলের ক্রিকেটারেরাও বলের পালিশ ঠিক রাখার জন্য তাঁদের মেরুন জার্সিতে বল ঘষেন। ঘামে ভেজা জার্সির রং উঠে সাদা বলকে গোলাপি করে দেয়। স্বভাবতই জার্সির মান নিয়ে প্রশ্ন উঠেছে। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে অস্বস্তি ধরা পড়েছে লাবুশেনের কথাতেও।

বলের রং পরিবর্তন নিয়ে বিরক্তি গোপন করেননি অস্ট্রেলীয় ব্যাটার। লাবুশেন বলেছেন, ‘‘দ্বিতীয় ওভার থেকেই বলের রং নষ্ট হতে শুরু করে। তখনই আম্পায়ারকে বলেছিলাম। এটা কী হচ্ছে? বল লাল হয়ে যাচ্ছে কেন? আমার মনে হয় জার্সির রং লেগেই এরকম হয়েছে। আগে কখনও এমন দেখিনি।’’ তিনি আরও বলেছেন, ‘‘ব্যাটে বলের দাগ লাগে। প্যাডে লাগলে অনেক সময় বলে অন্য রঙের ছাপ লেগে যায়। কিন্তু জার্সির রং বলে লাগতে কখনও দেখিনি। আশা করছি, আমাদের পরের ম্যাচের আগে এই সমস্যাটার সমাধান হবে।’’

দলের অস্বস্তি বাড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের একাংশের বিদ্রুপ। রসিকতা করে একজন সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘গোলাপি বলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জেতার জন্য লাহৌর কালান্ডার্সকে অভিনন্দন।’’ উল্লেখ্য, প্রথমে ব্যাট করে শাহিন আফ্রিদির লাহৌর করে ৬ উইকেটে ১৯৯। জবাবে ১৩০ রানে শেষ হয়ে যায় লাবুশেনদের ইনিংস। ৬৯ রানে জয় পেয়েছেন আফ্রিদিরা।

Advertisement
আরও পড়ুন