ICC T20 World Cup 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে চাপে পাকিস্তান! বৃষ্টির পূর্বাভাস পাল্লেকেলেতে, আবার পয়েন্ট ভাগ হলে কী হবে সলমনদের

সুপার এইটে পাকিস্তানের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। যদি দ্বিতীয় ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যায় তা হলে কী হবে সলমন আলি আঘাদের?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৫
cricket

ঢাকা রয়েছে পাল্লেকেলে স্টেডিয়ামের মাঠ। ছবি: পিটিআই।

চাপে পাকিস্তান। প্রতিপক্ষের থেকে আবহাওয়ার চাপ তাদের উপর বেশি। সুপার এইটে তাদের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। ফলে ১ পয়েন্ট করে পেয়েছে পাকিস্তান ও নিউ জ়িল্যান্ড। মঙ্গলবার পাল্লেকেলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। সেই ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদি এই ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যায় তা হলে সমস্যা হবে পাকিস্তানের। পয়েন্ট নষ্ট হলে সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে পড়বে তাদের।

Advertisement

মঙ্গলবার পাল্লেকেলের আবহাওয়ার দু’রকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অ্যাকুওয়েদার জানিয়েছে, সেখানে বৃষ্টির সম্ভাবনা খুব কম। ফলে খেলায় খুব একটা ব্যাঘাত হবে না। কিন্তু শ্রীলঙ্কার স্থানীয় সূত্রে খবর, বৃষ্টি হতে পারে। কলম্বো যেমন সমুদ্রের ধারে, পাল্লেকেলে তা নয়। শ্রীলঙ্কার প্রায় মাঝামাঝি ক্যান্ডিতে রয়েছে এই মাঠ। ফলে সেখানে বৃষ্টি হলে সমুদ্রের প্রভাবে নয়, বরং স্থানীয় মেঘ থেকে বৃষ্টি হতে পারে।

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পাকিস্তান ইতিমধ্যেই ১ পয়েন্ট নষ্ট করেছে। যদি কোনও কারণে ইংল্যান্ড ম্যাচ ভেস্তে যায় তা হলে দু’ম্যাচে ২ পয়েন্ট হবে তাদের। হাতে একটিই ম্যাচ বাকি থাকবে। শ্রীলঙ্কাকে হারাতে পারলে তবেই ৪ পয়েন্টে শেষ করবে পাকিস্তান। কিন্তু সে ক্ষেত্রে নিজেদের হাতে সেমিফাইনালের অঙ্ক থাকবে না সলমনদের। বাকি তিন দলের খেলার ফলের উপর নির্ভর করতে হবে তাঁদের।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অনেক সময় খেলা ভেস্তে না গেলেও তার নেতিবাচক প্রভাব কোনও দলের উপর পড়ে। বিশেষ করে যে দল শুরুতে ব্যাট করে তারা সমস্যায় পড়ে। কারণ, বৃষ্টি হলে ডাকওয়ার্থ লুইস নিয়ম চলে আসে। সে ক্ষেত্রে যারা পরে ব্যাট করে তারা লক্ষ্য জেনে সেই অনুযায়ী খেলতে পারে। ফলে এই ধরনের খেলায় টস খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়।

Advertisement
আরও পড়ুন