Lionel Messi

নজরে মেসি, রাইসদের ছাড়াই নামছে ইংল্যান্ড

মরিট‌্যানিউয়ের বিরুদ্ধে ২-১ জিতলেও লিয়োনেল মেসিদের খেলা মোটেও মন ভরাতে পারেনি ভক্তদের। হয়তো চলতি বছরই মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে। বিশ্বকাপের আগে শেষ ফ্রেন্ডলিতে বুধবার ভোরে ফিফা তালিকায় ৯১তম স্থানে থাকা জ়াম্বিয়ার বিরুদ্ধে নামছে আর্জেন্টিনা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০৭:২২
আকর্ষণ: জ়াম্বিয়ার বিরুদ্ধে চর্চায় সেই লিয়োনেল মেসি।

আকর্ষণ: জ়াম্বিয়ার বিরুদ্ধে চর্চায় সেই লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

উরুগুয়ের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে প্রথম ম‌্যাচে কোনওমতে ড্র করেছিল ইংল‌্যান্ড। মঙ্গলবার রাতে দ্বিতীয় ফ্রেন্ডলিতে জাপানের বিরুদ্ধে মাঠে নামার আগে আরও চাপে থ্রি-লায়ন্সরা। কারণ উরুগুয়ের বিরুদ্ধে ড্র করার পরে দল থেকে সরে দাঁড়ান ডেকলান রাইস, বুকায়ো সাকা, জন স্টোনস সহ মোট আট জন ফুটবলার। তবুও কোচ টমাস টুহল জানিয়েছেন, আট জনের সরে দাঁড়ানোর বিষয়ে তিনি হতাশ হলেও ক্ষুব্ধ নন।

সোমবার সাংবাদিক বৈঠকে টুহল বলেছেন, “বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে ফুটবলারদের উপরে চাপ অনেক বেশি। ফলে আমি মোটেও ওই আট ফুটবলারকে দোষ দিচ্ছি না।” যোগ করেছেন, “বিশ্বকাপের আগে এটাই শেষ ম‌্যাচ। ফলে দেশের হয়ে খেললে বোঝাপড়া বাড়ত।”

এ দিকে মরিট‌্যানিউয়ের বিরুদ্ধে ২-১ জিতলেও লিয়োনেল মেসিদের খেলা মোটেও মন ভরাতে পারেনি ভক্তদের। হয়তো চলতি বছরই মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে। বিশ্বকাপের আগে শেষ ফ্রেন্ডলিতে বুধবার ভোরে ফিফা তালিকায় ৯১তম স্থানে থাকা জ়াম্বিয়ার বিরুদ্ধে নামছে আর্জেন্টিনা। সকলের নজর থাকবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের দিকে। আফ্রিকার কোনও দেশের বিরুদ্ধে শেষ নয় ম‌্যাচের সাতটিতে জিতেছে আর্জেন্টিনা। ফলে বিশেষজ্ঞরা র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন। অন‌্য দিকে দশ জনের ফ্রান্সের বিরুদ্ধে প্রথম ফ্রেন্ডলিতে ১-২ গোলে হয়েছিল ব্রাজিলকে। বুধবার ভোরে ম‌্যাথেউস কুনহাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই পর্তুগাল নামছে আমেরিকার বিরুদ্ধে।

বুধবার ফিফা ফ্রেন্ডলিতে:

আমেরিকা বনাম পর্তুগাল (ভোর ৪.৩০ থেকে),

আর্জেন্টিনা বনাম জ়াম্বিয়া (ভোর ৪.৪৫ থেকে),

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া (ভোর ৫.৩০ থেকে)। সোনি স্পোর্টসনেটওয়ার্কে সম্প্রচার।

আরও পড়ুন