আমেরিকায় পা রাখলেন রোনাল্ডো। ছবি: রয়টার্স।
৪১ বছর বয়সে বিশ্বকাপে খেলতে নামছেন। তার আগে ফিটনেস নিয়ে প্রশ্ন করা হতেই তা উড়িয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উল্টে প্রশ্নকর্তাকেই প্রশ্ন করলেন, তিনি তাঁর খেলা দেখেছেন কি না। বিশ্বকাপ জয়ের কথাও এখন মাথায় নেই রোনাল্ডোর। তিনি চান দল ভাল খেলুক। এ দিকে, রোনাল্ডোকে দেখতে পেয়ে কেঁদে ফেলেছেন এক তরুণী ইউটিউবার।
আমেরিকা রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রোনাল্ডো। সেখানে ফিটনেস নিয়ে প্রশ্ন করা হতেই বলেন, “আমি একদম ফিট আছি। আপনি কি আমার ম্যাচ দেখেননি? আমরা ভাল অনুশীলন করেছি। একটু ক্লান্ত সকলেই। তবে দ্রুত সব ঠিক হয়ে যাবে। আপাতত ১৭ জুন, প্রথম ম্যাচ নিয়ে ভাবছি। তখন থেকেই আসল চাপ শুরু হবে। তার পর দেখা যাবে কে চ্যাম্পিয়ন হয়।”
প্রস্তুতি ম্যাচের একটিতেও গোল করতে পারেননি রোনাল্ডো। সুযোগ নষ্ট করেছেন প্রচুর। পর্তুগালের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে কোনও প্রতিশ্রুতি দেননি তিনি। বলেছেন, “শেষে তো সবই জানতে পারব। আমরা ভাল খেলতে চাই। বিশ্বকাপ সব সময়েই একটা বিশেষ প্রতিযোগিতা। অনেকটা ইউরোর মতো। অনেক আশা নিয়ে খেলতে যাচ্ছি। আমাদের হাতে দারুণ একটা প্রজন্ম রয়েছে। তবে কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই।”
রোনাল্ডোর সংযোজন, “শুরুটা ভাল করতে চাই। গ্রুপে সকলের আগে শেষ করতে চাই। একটা একটা ম্যাচ ধরে, ধাপে ধাপে শান্ত হয়ে এগোতে হবে। ছন্দে আসতে সময় লাগবে। তবে আমি আশাবাদী সব কিছু ঠিকঠাক যাবে।”
এ দিকে, পর্তুগালের অনুশীলনের সময় বাইরে অপেক্ষা করছিলেন ইউটিউবার সেলিন ডেপ্ট। ইউটিউবে তাঁর প্রায় ৬ কোটি সাবস্ক্রাইবার রয়েছেন। পর্তুগালের জার্সি পরে দাঁড়িয়েছিলেন সেলিন। রোনাল্ডো এগিয়ে আসার আগেই তিনি কাঁদতে শুরু করেন। রোনাল্ডো তখন বলেন, “কেঁদো না।” তখন সেলিন বলেন, “সব কিছুর জন্য ধন্যবাদ। তুমি আমাদের সকলের অনুপ্রেরণা।”