Cristiano Ronaldo

সৌদির ক্লাবের হয়ে প্রথম ট্রফি জয় রোনাল্ডোর, জোড়া গোল করে চোখের জলে মাঠ ছাড়লেন সিআর৭

সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে প্রথম ট্রফি জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি। চোট পেয়ে চোখের জলে মাঠ ছাড়তে হয় সিআর৭-কে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৩ ১২:১৯
Cristiano Ronaldo

আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতে ট্রফি হাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: রয়টার্স

সৌদির ক্লাব আল নাসেরের হয়ে প্রথম ট্রফি জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে আল হিলালকে ২-১ গোলে হারাল আল নাসের। দু’টি গোলই রোনাল্ডোর। তবে শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেননি রোনাল্ডো। হাঁটুর চোটে চোখের দলে মাঠ ছাড়তে হয় তাঁকে। ম্যাচ শেষে অবশ্য সতীর্থদের সঙ্গে ট্রফি জয়ের উল্লাসে শামিল হন তিনি।

Advertisement

গত মরসুমে আল নাসেরে যোগ দিলেও এত দিন ট্রফি জিততে পারেননি রোনাল্ডো। এ বার আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপকে পাখির চোখ করেছিলেন তিনি। ফাইনালে নিজের সেরা খেলা খেললেন রোনাল্ডো। প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় প্রথমে গোল করে আল হিলাল। যদিও সেই অগ্রগমন বেশি ক্ষণ স্থায়ী হয়নি। ৭৪ মিনিটের মাথায় সমতা ফেরান রোনাল্ডো। তার পরে সাত মিনিটের ব্যবধানে আল নাসেরের আল আমিরি ও নওয়াফ বৌশাল লাল কার্ড দেখেন। ফলে ৯ জনকে নিয়ে বাকি সময়ে খেলতে হয় আল নাসেরকে।

৯০ মিনিটে মীমাংসা না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮ মিনিটে আবার গোল করেন রোনাল্ডো। তার পরে হাঁটুতে চোট পান তিনি। স্ট্রেচারে করে মাঠ থেকে বার করে নিয়ে যেতে হয় রোনাল্ডোকে। কেঁদে ফেলেন সিআর৭। যদিও শেষে আবার হাসি দেখা যায় রোনাল্ডোর মুখে। ২-১ গোলে জেতার পরে ট্রফি নিয়ে উল্লাস করতে দেখা যায় তাঁকে।

Cristiano Ronaldo

চোট পেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: পিটিআই।

পরে সমাজমাধ্যমে ভক্তদের ধন্যবাদ দিয়েছেন রোনাল্ডো। তিনি লেখেন, ‘‘প্রথম বার দলকে এই গুরুত্বপূর্ণ ট্রফি জেতাতে পেরে গর্বিত। ক্লাবের সব ফুটবলারকে ধন্যবাদ। এটা দলগত জয়। পাশে থাকার জন্য আমার পরিবার ও বন্ধুদের ধন্যবাদ। দর্শকেরা যে ভাবে সমর্থন করেছেন তার জন্য তাঁদেরও ধন্যবাদ জানাই।’’

Advertisement
আরও পড়ুন