FIFA World Cup 2026

বিশ্বকাপের পরই অবসর রোনাল্ডোর? ক্রোয়েশিয়া ম্যাচের আগেই জল্পনা উস্কে দিয়েছেন বোন অ্যাভেইরো, জবাব সমালোচকদেরও

২০৩০ সালের বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলবেন কি না নিশ্চিত নয়। পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ় বলেছেন, রোনাল্ডো চাইলে খেলতেই পারেন। যদিও ৪৫ বছর বয়সে তাঁর খেলা নিয়ে সন্দিহান পর্তুগালের ফুটবল কর্তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ০৮:৫৮
Picture of Football

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। — ফাইল চিত্র।

বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্রোয়েশিয়া ম্যাচের আগেই পর্তুগালের অধিনায়ককে নিয়ে তৈরি হয়েছে জল্পনা। রোনাল্ডোর অবসরের জল্পনা উস্কে দিয়েছেন তাঁরই বোন কাটিয়া অ্যাভেইরো।

Advertisement

৪১ বছরের রোনাল্ডোকে সেরা ফর্মে দেখা যাচ্ছে না বিশ্বকাপে। তাঁর পারফরম্যান্স নিয়ে সমালোচনাও হচ্ছে। এর মধ্যেই এক টেলিভিশন সাক্ষাৎকারে সিআর সেভেনের অবসরের ইঙ্গিত দিয়েছেন অ্যাভেইরো। পর্তুগালের স্পোর্ট টিভিকে তিনি বলেছেন, ‘‘যত দিন সম্ভব উপভোগ করুক। এই অধ্যায়টা তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। খুব নির্ভরযোগ্য সূত্র থেকেই খবরটা পেয়েছি। সম্ভবত বিশ্বকাপই দেশের হয়ে শেষ প্রতিযোগিতা।’’

বিশ্বকাপে সমালোচিত দাদার পাশেও দাঁড়িয়েছেন অ্যাভেইরো। তিনি বলেছেন, ‘‘যাঁরা সত্যিই ফুটবল ভালবাসেন এবং খেলাটা বোঝেন, তাঁরা রোনাল্ডোকে সম্মান করেন। যাঁরা বোঝেন না, তাঁরা অন্যরকম কথা বলেন। ২০ বছরের বেশি সময় ধরে দাপটের সঙ্গে ফুটবল খেলছে। গোটা বিশ্বে খেলছে। আমাদের পরিবার কোন অবস্থায় ছিল আর এখন কোথায় পৌঁছেছে, আপনারাই দেখুন। আমাদের ছোটবেলায় মা অনেক কষ্ট করেছেন। কয়েক জনের সমালোচনা আমাদের খুশি কখনও কেড়ে নিতে পারবে না।’’

খ্যাতনামী দাদাকে নিয়ে অ্যাভেইরো আরও বলেছেন, ‘‘আমাদের জীবনের গত দু’দশকেরও বেশি সময়ের স্মৃতিগুলো সবচেয়ে মূল্যবান। আমি ভীষণ গর্বিত। কাতার বিশ্বকাপেও ছিলাম, এ বারও আছি। আমাদের পরিবারের জন্য দারুণ গর্বের। আমার বিশ্বাস, শেষ পর্যন্ত আমাদের মুখে হাসি থাকবে। রোনাল্ডো নিজের দক্ষতায় আস্থা রাখে। বরং আমরাই বেশি চিন্তা করি। ওর মধ্যে সব সময় আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতা দেখি। ওর সমর্থকদের জন্যও এটা স্বস্তির। পরের ম্যাচে যে দলের সঙ্গেই খেলা পড়ুক আমাদের তৈরি থাকতে হবে। লড়াই করতে হবে।’’

২০৩০ সালের বিশ্বকাপে রোনাল্ডো খেলবেন কি না নিশ্চিত নয়। পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ় বলেছেন, রোনাল্ডো চাইলে খেলতেই পারেন। যদিও ৪৫ বছর বয়সে তাঁর খেলা নিয়ে সন্দিহান পর্তুগালের ফুটবল কর্তারা। উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে রোনাল্ডো বান্ধবী জর্জিনা রদ্রিগেজ়কে বিয়ে করতে পারেন বলেও শোনা যাচ্ছে।

Advertisement
আরও পড়ুন