West Bengal Weather Update

নিম্নচাপ অঞ্চল তৈরি! বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে, ছয় জেলায় অতিভারী বর্ষণের পূর্বাভাস, কলকাতায় কী হবে

ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা উপকূলের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ৭.৬ কিলোমিটার। আগামী দু’-তিন দিনে এটি আরও স্পষ্ট হতে চলেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ০৯:৪৫
বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। —ফাইল চিত্র।

বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে বৃহস্পতিবারই। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। ছ’টি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্য দিকে, উত্তরবঙ্গে বৃষ্টি তুলনামূলক কমেছে। তবে দার্জিলিং, কালিম্পঙে কিছু দিনের মধ্যে ফের শুরু হতে পারে ভারী বর্ষণ।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা উপকূলের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ৭.৬ কিলোমিটার। আগামী দু’-তিন দিনে এটি আরও স্পষ্ট হতে চলেছে। এ ছাড়া, ঋতুকালীন অক্ষরেখাটি রাজস্থান থেকে ওড়িশা উপকূলের নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার এবং বৃহস্পতিবারও এই সতর্কতা জারি করা হয়েছে শহরে। একই পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সারা সপ্তাহ ধরে প্রতি দিনই ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার এবং রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। এই ছয় জেলায় কমলা সতর্কতা রয়েছে।

পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের সমুদ্রে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির দাপট আগের চেয়ে কমেছে। আপাতত উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং‌, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার থেকে ফের ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অংশেও।

ঝড়বৃষ্টির কারণে নতুন করে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।

Advertisement
আরও পড়ুন