Asian Champions League Two

ফাইনালে হার, ট্রফি জিততে না পেরে কাঁদলেন রোনাল্ডো, নিতে গেলেন না পদকও

আল নাসেরের হয়ে ১৪টি প্রতিযোগিতায় খেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখনও কোনও ট্রফি জিততে পারেননি। তবে বিশ্বকাপের আগে রোনাল্ডোর ট্রফির খরা কাটতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৫:১০
picture of football

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: রয়টার্স।

হতাশায় ভেঙে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-র ফাইনালে জাপানের গাম্বা ওসাকার কাছে হারের পর চোখের জল ধরে রাখতে পারলেন না সিআর সেভেন। পদক নিতেও রাজি হলেন না সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরের অধিনায়ক।

Advertisement

শনিবার ফাইনালে ওসাকা ১-০ ব্যবধানে জিতেছে। রেফারি খেলা শেষের বাঁশি বাজানোর পর আল নাসেরের ফুটবলারেরা মাঠের মাঝেই দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। তাঁরা যেন হাঁটার শক্তিও হারিয়ে ফেলেছিলেন হতাশায়। সতীর্থেরা দাঁড়িয়ে থাকলেও ধীর পায়ে বেঞ্চের দিকে হেঁটে যান রোনাল্ডো। তাঁর মুখে তখন স্বপ্নভঙ্গের যন্ত্রণা স্পষ্ট। আল নাসেরের এক সাপোর্ট স্টাফ এগিয়ে এসে রোনাল্ডোর পিঠ চাপড়ে দেন। সে দিকেও খেয়াল ছিল না পর্তুগিজ স্ট্রাইকারের। রোনাল্ডোর চোখে তখন জল। বেঞ্চে বসে কাঁদছিলেন আল নাসের অধিনায়ক। হাত দিয়ে কান্না লুকোনোর চেষ্টাও করেছেন। কিন্তু ক্যামেরার চোখকে ফাঁকি দিতে পারেননি।

প্রতিযোগিতায় টানা ১০ ম্যাচ জেতার পর ফাইনালে হার। ওসাকার বিরুদ্ধেও দাপট ছিল আল নাসেরের। একের পর এক আক্রমণ তৈরি করেও গোল করতে পারেননি রোনাল্ডোরা। গোল লক্ষ্য করে নেওয়া তাঁদের ২০টি শটের একটিও কাজে আসেনি। অথচ ওসাকা গোলমুখী তিনটি শট মেরেই শিরোপা ছিনিয়ে নিয়ে চলে গিয়েছে! রোনাল্ডো যেন বিশ্বাসই করতে পারছিলেন না। হতাশায় পুরস্কারও নিতে যাননি। প্রথা অনুযায়ী অধিনায়কই দলকে নেতৃত্ব দিয়ে নিয়ে যান পুরস্কার মঞ্চে। কিন্তু রোনাল্ডো সেই মঞ্চের ধারে কাছেও যেতে চাননি। আল নাসেরের ফুটবলারেরা যান কোচ জর্জ হেসুসের সঙ্গে।

এই নিয়ে আল নাসেরের হয়ে ১৪টি প্রতিযোগিতায় খেললেন রোনাল্ডো। একটা ট্রফিও জিততে পারেননি। পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগজয়ী রোনাল্ডো এশিয়ার ফুটবলে ট্রফিহীনই থাকলেন। তবে বিশ্বকাপের আগে রোনাল্ডোর ট্রফির খরা কাটতে পারে। সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে আল নাসেরের।

Advertisement
আরও পড়ুন