East Bengal

ইস্টবেঙ্গলে নতুন বিদেশি, আইএসএলে প্রথম ম্যাচ খেলার পর ডেনমার্কের স্ট্রাইকারকে নিল লাল-হলুদ

নতুন বিদেশিকে সই করাল ইস্টবেঙ্গল। ডেনমার্কের স্ট্রাইকার আন্তন সজ়বার্গকে সই করিয়েছে লাল-হলুদ। চলতি মরসুমের আইএসএলের জন্য নেওয়া হয়েছে তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩০
football

আন্তন সজ়বার্গ। ছবি: সংগৃহীত।

মরসুম শুরু হয়ে যাওয়ার পরেও দলের শক্তি বাড়িয়ে চলেছে ইস্টবেঙ্গল। নতুন বিদেশিকে সই করাল তারা। ডেনমার্কের স্ট্রাইকার আন্তন সজ়বার্গকে সই করিয়েছে লাল-হলুদ। চলতি মরসুমের আইএসএলের জন্য নেওয়া হয়েছে তাঁকে। সজ়বার্গ ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি। অর্থাৎ, বিদেশি ফুটবলারের কোটা শেষ হয়ে গেল তাদের।

Advertisement

বুধবার নতুন বিদেশির নাম জানিয়েছে ইস্টবেঙ্গল। সজ়বার্গ ৭৭ নম্বর জার্সি পরে খেলবেন। শারীরিক ক্ষমতা রয়েছে তাঁর। হেডে দক্ষ এই ফুটবলারকে কাজে লাগাতে চান ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়ো। আমেরিকার ক্লাব মন্টেরে বে এফসি থেকে ইস্টবেঙ্গলে এসেছেন ২৫ বছরের সজ়বার্গ। ডেনমার্ক থেকে ফুটবল শুরু করা সজ়বার্গ ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দলে খেলেছেন। ইউএসএল চ্যাম্পিয়নশিপে ২০২৪-২৫ মরসুমে মন্টেরে বে-র হয়ে ১০টি গোল ও পাঁচটি অ্যাসিস্ট রয়েছে তাঁর।

ইস্টবেঙ্গলে সই করে আন্তন বলেন, “ইস্টবেঙ্গলের মতো দলের ঐতিহ্যের কথা ম্যানেজমেন্ট আমাকে আগেই জানিয়েছে। আমি এখানে লড়তে এসেছি। গোল করতে এসেছি। দলকে চ্যাম্পিয়ন করতে এসেছি। লাল-হলুদ সমর্থকদের সামনে খেলতে মুখিয়ে আছি।” ইস্টবেঙ্গলের পরের ম্যাচ শনিবার স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে। এখন দেখার, সেই ম্যাচে সজ়বার্গ খেলতে পারেন কি না।

ইস্টবেঙ্গলের ‘হেড অফ ফুটবল’ থাংবোই সিংটো বলেন, “শক্তি, দক্ষতা ও গোলখিদে রয়েছে আন্তনের। আশা করছি, ইস্টবেঙ্গলের জার্সি পরে ও সফল হবে।” দলের কোচ ব্রুজ়ো বলেন, “ইস্টবেঙ্গলের পরিবারে আন্তনকে স্বাগত। এত অল্প বয়সে ও যে দক্ষতা ও শারীরিক ক্ষমতার প্রমাণ দিয়েছে তা অসাধারণ। ৯০ মিনিট একই গতিতে খেলার ক্ষমতা ওর রয়েছে। আমাদের দলকে সাফল্য এনে দেবে আন্তন।”

Advertisement
আরও পড়ুন