East Bengal FC

হার ভুলে সামনের দিকে তাকাতে চাইছে ইস্টবেঙ্গল, ফুটবলারদের আরও দায়িত্ব নিতে বললেন কোচ অস্কার

আইএসএলে প্রথম দু’টি ম্যাচে জয়ের পর জামশেদপুরের কাছে হেরেছে ইস্টবেঙ্গল। গোয়ার বিরুদ্ধে পরের ম্যাচে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়ো চান, যতটা সম্ভব কম ভুল করে ম্যাচ জিততে হবে। ফুটবলারদের আরও দায়িত্ব নিয়ে খেলতে বলেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৮:১২
football

ইস্টবেঙ্গলের অনুশীলনের মুহূর্ত। ছবি: সংগৃহীত।

আইএসএলে প্রথম দু’টি ম্যাচে জয়ের পর জামশেদপুরের কাছে হারের মুখ দেখতে হয়েছে ইস্টবেঙ্গলকে। টানা তিনটি ম্যাচ জয়ের স্বপ্ন অধরাই থেকেছে। গোয়ার বিরুদ্ধে পরের ম্যাচে একই ভুল করতে নারাজ ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়ো। তাঁর মতে, যতটা সম্ভব কম ভুল করে ম্যাচ জিততে হবে। ফুটবলারদের আরও দায়িত্ববোধ নিয়ে খেলতে বলেছেন তিনি।

Advertisement

প্রথম দু’টি ম্যাচের পর ইস্টবেঙ্গল শীর্ষে ছিল। একটি হারের ফলে তারা পঞ্চম স্থানে নেমে এসেছে। উল্টো দিকে, মোহনবাগান উঠে গিয়েছে শীর্ষে। ঘরের মাঠে টানা চতুর্থ ম্যাচ খেলতে নামার আগে অস্কার বলেছেন, “আগের ম্যাচে হতাশাজনক ভাবে হারতে হয়েছে। ঘরের মাঠে খেলতে গেলে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। গোয়া অনেক সুসংহত, প্রতিযোগিতামূলক দল। ম্যাচ সম্পর্কে ওদের ধারণা খুবই ভাল। দলে ভাল খেলোয়াড় রয়েছে, বিভিন্ন পজিশনে শক্তিশালী। পাশাপাশি এমন একজন কোচ (মানোলো মার্কেজ়) রয়েছেন যাঁকে আমি সমীহ করি। তাই যতটা সম্ভব কম ভুল করতে হবে। আমাদের তিন পয়েন্ট পেতে হলে প্রথম মিনিট থেকে সেরা ফুটবল খেলতে হবে। বিপক্ষকে আমরা সম্মান করি। একই সঙ্গে নিজেদের প্রস্তুতি এবং খেলোয়াড়দের উপরেও বিশ্বাস রাখি।”

জামশেদপুরের কাছে হারের নেপথ্যে বিপক্ষের অফসাইড গোল এবং খেলোয়াড়দের রোজ়া রাখাকে কারণ হিসাবে তুলে ধরেছেন অস্কার। তাঁর কথায়, “জামশেদপুরের প্রথম গোলটা অফসাইড ছিল বলেই মনে হয়েছে। তবে আমরা রেফারিং নিয়ে কথা বলতে চাই না। তা ছাড়া মহম্মদ রাকিপ, সাউল ক্রেসপো এবং নাওরেম মহেশের চোট ছিল ওই ম্যাচে।”

অস্কারের মতে, প্রথম দু’টি ম্যাচে জিতলেও তৃতীয় ম্যাচের হার বুঝিয়ে দিয়েছে তাঁদের অনেক উন্নতি করতে হবে। ইস্টবেঙ্গলের কোচ বলেছেন, “আমরা মোট তিনটে গোল খেয়েছি। ফলে আমাদের খেলায় আরও অনেক উন্নতি দরকার। আরও গোল করতে হবে। সবে তিনটে ম্যাচ হয়েছে। এখনই ট্রফি জেতা নিয়ে ভাবছি না। মোহনবাগান শীর্ষে থাকা নিয়েও আমার কোনও চিন্তা নেই। আমি নিজের দল নিয়ে ভাবতে ভালবাসি। এই লিগে সব ম্যাচ আলাদা। সব ম্যাচে একই দল নামাব এমনটাও নয়।”

গোয়া তিনটি ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। বিপক্ষের দেজান দ্রাজ়িচ ভাল খেলছেন। এ দিন অস্কারের সঙ্গে সাংবাদিক বৈঠকে এসেছিলেন মহম্মদ রশিদ। তিনি বলেন, “এ বার মাত্র ১৩টি ম্যাচ খেলতে হচ্ছে। আমাদের কাছে এটা নতুন চ্যালেঞ্জ। ধাপে ধাপে নিজেদের উন্নতি করার চেষ্টা করছি। এগিয়ে যেতে হলে আগের ফলাফল ভুলে যেতে হবে। হারি বা জিতি, সামনের দিকে তাকানোই আমাদের লক্ষ্য।”

Advertisement
আরও পড়ুন