ফুটবলে দেখানো লাল কার্ড। —ফাইল চিত্র।
ফুটবল ম্যাচ চলাকালীন সতীর্থ বা প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে মুখ ঢাকা খুবই পরিচিত দৃশ্য। এতে তাঁরা কী বলছেন, তা বোঝা যায় না। অনেকেই অভিযোগ করেন, মুখ ঢেকে অশালীন কথা বা বর্ণবিদ্বেষী কথা বলেন ফুটবলারেরা। এই ঘটনা যাতে না ঘটে তার জন্য এ বারের ফুটবল বিশ্বকাপে আসতে চলেছে নতুন নিয়ম।
ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড’ বা আইএফএবি জানিয়েছে, খেলার মাঝে কোনও ফুটবলার হাত দিয়ে মুখ ঢেকে কথা বললে রেফারি চাইলে তাঁকে লাল কার্ড দেখাতে পারেন।
আইএফএবি একটি বিবৃতিতে বলেছে, “ফেব্রুয়ারি মাসে সংস্থার বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে আলোচনা হয়েছিল। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা আমাদের কাছে এই প্রস্তাব দিয়েছিল। তা মেনে নেওয়া হয়েছে। ফিফাকে তা জানিয়ে দেওয়া হয়েছে। খেলার সময় যদি কোনও ফুটবলার হাত দিয়ে মুখ ঢেকে কথা বলেন, তা হলে রেফারি চাইলে তাঁকে লাল কার্ড দেখাতে পারেন।”
চলতি বছর ফেব্রুয়ারি মাসে একটি ম্যাচ চলাকালীন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র অভিযোগ করেছিলেন যে, বেনফিকার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি মুখ ঢেকে তাঁকে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন। এই ঘটনার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, খেলা মাঝে যারা মুখ ঢেকে কথা বলে তাদের লাল কার্ড দেখানো উচিত। সভাপতির এই কথার পর ফিফা প্রস্তাব পাঠায় আইএফএবি-কে। অবশেষে তারা নতুন নিয়ম আনল।
আরও একটি নিয়ম আনতে চলেছে আইএফএবি। খেলা চলাকালীন রেফারির কোনও সিদ্ধান্তের প্রতিবাদে কেউ মাঠ ছাড়লে তাঁকে লাল কার্ড দেখাতে পারেন রেফারি। বিবৃতিতে বলা হয়েছে, “মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। তাঁকে সাহায্য করার জন্য ভার (ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি) রয়েছে। ফলে রেফারির কোনও সিদ্ধান্তের প্রতিবাদে যদি কোনও ফুটবলার মাঠ ছাড়েন বা কোচ দল তুলে নেওয়ার নির্দেশ দেন, তা হলে রেফারি চাইলে সেই ফুটবলার বা কোচকে লাল কার্ড দেখাতে পারেন।”