Cristiano Ronaldo

সৌদি আরবেই থাকতে চান রোনাল্ডো, ক্লাব ছাড়ার জল্পনা উড়িয়ে ঘোষণা আল নাসের অধিনায়কের

কিছু দিন ধরে শোনা যাচ্ছিল, আবার ইউরোপে ফেরার চেষ্টা করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আমেরিকার মেজর লিগ সকারেও নাকি খেলতে পারেন। তেমন কিছু যে হচ্ছে না, তা পরিষ্কার করে দিলেন রোনাল্ডোই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৮
picture of football

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: রয়টার্স।

কিছু দিন ধরে জল্পনা চলছে আল নাসের ছাড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর মধ্যেই জোব্বা গায়ে দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন পর্তুগিজ তারকা। জানিয়ে দিলেন, তিনি সৌদি আরবেরই। ক্লাবকে লিগ চ্যাম্পিয়ন করাই এখন তাঁর প্রধান লক্ষ্য।

Advertisement

ক্লাব ছাড়ার জল্পনা উড়িয়ে দিলেন রোনাল্ডো। আল নাসেরে ভাল রয়েছেন বলে জানিয়েছেন সিআর সেভেন। সৌদি প্রো লিগে আল হাজ়েমের বিরুদ্ধে দলকে ৪-০ ব্যবধানে জয় এনে দেওয়ার পর রোনাল্ডো বলেছেন, ‘‘আমি সৌদি আরবের। আমাকে, আমার পরিবারকে এবং আমার বন্ধুদের স্বাগত জানিয়েছে এই দেশ। আমি এখানে ভালই আছি। এটা অনেক বার বলেছি। আল নাসেরেই থাকতে চাই।’’ রোনাল্ডো আরও বলেছেন, ‘‘লিগে আমরা এখন ভাল জায়গায় রয়েছি। নিজেদের আরও এগিয়ে নিয়ে যেতে চাইছি। আমরা আমাদের কাজ করছি। দলকে জয় এনে দিচ্ছি। প্রতিপক্ষ দলগুলোকে চাপে রাখার চেষ্টা করছি। দেখা যাক, মরসুমের শেষ পর্যন্ত কী হয়।’’

আল হাজ়েমের বিরুদ্ধে রোনাল্ডো নিজে দু’টি গোল করেছেন। লিগের পয়েন্ট তালিকায় শীর্ষেও রয়েছেন রোনাল্ডোরা। ২২টি ম্যাচের পর আল নাসেরের পয়েন্ট ৫৫। দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল সম সংখ্যক ম্যাচ খেলে পেয়েছে ৫৪ পয়েন্ট। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আল আহলি। হাড্ডাহাড্ডি লড়াই চলছে প্রথম তিন দলের মধ্যে।

কিছু দিন ধরে শোনা যাচ্ছিল, আবার ইউরোপে ফেরার চেষ্টা করছেন রোনাল্ডো। আমেরিকার মেজর লিগ সকারেও খেলতে পারেন। তেমন কিছু যে হচ্ছে না, তা পরিষ্কার করে দিলেন রোনাল্ডোই। উল্লেখ্য, ২০২৭ সালের জুন পর্যন্ত সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে তাঁর।

Advertisement
আরও পড়ুন