FIFA World Cup 2026

বিশ্বকাপের সবচেয়ে দামি দল কারা? ব্রাজিল-আর্জেন্টিনাকে পিছনে ফেলে দিল ইউরোপের দেশ! সকলের শেষে এশিয়ার এক দেশ

ব্যক্তিগত মূল্যে লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা এগিয়ে থাকলেও সব ফুটবলারদের মোট মূল্যে পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা, পর্তুগাল। এ ক্ষেত্রে শীর্ষে কিলিয়ান এমবাপের ফ্রান্স।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ২২:৫৭
picture of football

ফুটবল বিশ্বকাপের ট্রফি। —ফাইল চিত্র।

ব্যক্তিগত মূল্যে লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা এগিয়ে থাকলেও সব ফুটবলারদের মোট মূল্যে ৪৭টি দেশকে টেক্কা দিয়েছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড এবং তৃতীয় স্থানে লামিনে ইয়ামালের স্পেন।

Advertisement

ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এমবাপেদের দলের মোট মূল্য ১৩২ কোটি পাউন্ড। ভারতীয় মূল্যে যা প্রায় ১৬ হাজার ৯৫৫ কোটি টাকা। ফ্রান্সের সবচেয়ে দামি ফুটবলার এমবাপের মূল্য ১৭.৩ কোটি পাউন্ড বা ২২২০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। হ্যারি কেনদের বিশ্বকাপ দলের মোট মূল্য ১১৩ কোটি পাউন্ড বা প্রায় ১৪ হাজার ৫১২ কোটি টাকা। ইংল্যান্ড দলের সবচেয়ে দামি ফুটবলার জুড বেলিংহ্যাম। তাঁর মূল্য প্রায় ১২.২ কোটি পাউন্ড বা ১৫৫৪ কোটি টাকা।

বিশ্বকাপের দামি দলের তালিকায় প্রথম পাঁচে রয়েছে স্পেন, পর্তুগাল এবং জার্মানি। এই দলগুলির মোট মূল্য যথাক্রমে ১৪ হাজার কোটি টাকা, ১১ হাজার ৩০০ কোটি টাকা এবং ১১ হাজার ৭৮ কোটি টাকার কাছাকাছি। ব্রাজিল রয়েছে ষষ্ঠ স্থানে। পাঁচ বারের বিশ্বজয়ীদের এ বারের দলের মূল্য প্রায় ১০ হাজার ১২৪ কোটি টাকা। গত বারে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে অষ্টম স্থানে। মেসির দলের মূল্য ৯ হাজার ৯০ কোটি টাকার মতো। দক্ষিণ আমেরিকার দুই দেশের মাঝে রয়েছে নেদারল্যান্ডস। সপ্তম স্থানে থাকা নেদারল্যান্ডস দলের মূল্য ৯ হাজার ৩০০ কোটি টাকার মতো। প্রথম ১০টি দলের মধ্যে রয়েছে নরওয়ে এবং বেলজিয়ামও। নবম স্থানে থাকা নরওয়ে দলের মোট মূল্য প্রায় ৬ হাজার ৬৭২ কোটি টাকা। ১০ নম্বরে থাকা বেলজিয়ানদের মোট মূল্য প্রায় ৬ হাজার ২৭ কোটি টাকা।

বিশ্বকাপের প্রধান আয়োজক দেশ আমেরিকা। তাদের দলের মোট মূল্য প্রায় ৪২০০ কোটি টাকা। আমেরিকা রয়েছে ১৮ নম্বরে। অন্য দুই আয়োজক দেশ কানাডা এবং মেক্সিকো অনেকটাই পিছিয়ে। কানাডা দলের মূল্য প্রায় ২২৫৪ কোটি টাকা। তারা রয়েছে এই তালিকায় ২৬ নম্বরে। ঠিক পরেই ২৭ নম্বরে মেক্সিকো। তাদের দলের মোট মূল্য প্রায় ২১৬০ কোটি টাকা।

এশিয়ার সবচেয়ে দামি দল জাপান রয়েছে ২২ নম্বরে। তাদের দলের মোট মূল্য প্রায় ৩ হাজার ৯৬ কোটি টাকা। এশিয়ার আর এক ফুটবল শক্তি দক্ষিণ কোরিয়া রয়েছে ৩৩ নম্বরে। তাদের দলের মূল্য প্রায় ১৫৮০ কোটি টাকা। এ বারের বিশ্বকাপে সবচেয়ে কম দামি দল জর্ডনের। তাদের দলের মোট মূল্য প্রায় ২১৭ কোটি টাকা।

Advertisement
আরও পড়ুন