FIFA World Cup 2026

কুরাসাওকে ৭ গোল দিয়ে বিশ্বকাপে রেকর্ড জার্মানির, ব্রাজ়িলকে টপকে শীর্ষে চার বারের চ্যাম্পিয়নেরা

কুরাসাওকে ৭-১ ব্যবধানে হারিয়ে ফুটবলপ্রেমীদের ১২ বছর আগের স্মৃতি টাটকা করে দিয়েছে জার্মানি। সে বার ব্রাজ়িলকে ৭-১ ব্যবধানে হারিয়েছিল জার্মানেরা। একই ব্যবধানে জিতে সেই ব্রাজিলেরই রেকর্ড ভেঙে দিল জার্মানি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৭:১৭
picture of football

জার্মানির ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: এক্স।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেকর্ড জার্মানির। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে টপকে নতুন রেকর্ড গড়লেন চার বারের চ্যাম্পিয়নেরা। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এখন জার্মানির দখলে।

Advertisement

রবিবার কুরাসাওকে ৭-১ ব্যবধানে হারিয়েছে জার্মানি। বড় ব্যবধানে জয় দিয়ে শুরু করেছেন ফ্লোরিয়ান উইর্ৎজ়েরা। জার্মানির এই জয় ফুটবলপ্রেমীদের ১২ বছর আগের একটি স্মৃতি টাটকা করে দিয়েছে। সে বার ব্রাজ়িলকে ৭-১ ব্যবধানে হারিয়েছিল জার্মানেরা। একই ব্যবধানে জিতে সেই ব্রাজিলের রেকর্ডই ভেঙে দিল জার্মানি।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার নজির গড়েছে জার্মানি। কুরাসাও ম্যাচের পর তাদের গোল সংখ্যা হল ২৩৯। এক গোল কম করে দ্বিতীয় স্থানে এখন ব্রাজিল। পাঁচ বারের বিশ্বজয়ীরা গোল করেছে ২৩৮টি। তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। গত বারের চ্যাম্পিয়নদের গোল সংখ্যা ১৫২। চতুর্থ স্থানে থাকা ফ্রান্স বিশ্বকাপে এখনও পর্যন্ত গোল করেছে ১৩৬টি। তালিকায় পঞ্চম স্থানে ইটালি। চার বারের বিশ্বজয়ীদের গোল সংখ্যা ১২৮। উল্লেখ্য, টানা তিনটি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি আজ়ুরিরা।

কুরাসাওয়ের বিরুদ্ধে জার্মানির ছয় জন ফুটবলার গোল করেছেন। জুলিয়ান নাগেলসম্যানের দল প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছে এ বার কতটা তৈরি হয়ে এসেছে। তারকা নির্ভরতা নয়, দলগত ভাবে প্রতিপক্ষ দলগুলির মুখোমুখি হবেন ফেলিক্স মেচা, কাই হাভার্ৎজ়, জোসুয়া কিমিচেরা।

Advertisement
আরও পড়ুন