FIFA World Cup 2026

দু’দশক পর বিশ্বকাপে অভিষেক এক ভারতীয় বংশোদ্ভুত ফুটবলারের, অস্ট্রেলিয়ার হয়ে খেললেন ভেলুপিল্লাই

নিশান ভেলুপিল্লাইয়ের মা গিলিয়ান ভেলুপিল্লাই অ্যাঙ্গলো ভারতীয়। তাঁর বাবা শ্রীলঙ্কার তামিল বংশোদ্ভুত। ২৫ বছরের ভেলুপিল্লাই অস্ট্রেলিয়ায় অন্যতম প্রতিভাবান ফুটবলার হিসাবে বিবেচিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৫:৩৬
picture of football

অস্ট্রেলিয়ার দ্বিতীয় গোলদাতা কনর মেটকাফের সঙ্গে নিশান ভেলুপিল্লাই (ডান দিকে)। ছবি: রয়টার্স।

ফুটবল বিশ্বকাপের চৌহদ্দিতেও নেই ভারত। তা-ও রবিবার বিশ্বকাপে অভিষেক হয়ে গেল এক ভারতীয় বংশোদ্ভুত ফুটবলারের। অস্ট্রেলিয়ার হয়ে তুরস্কের বিরুদ্ধে খেললেন নিশান ভেলুপিল্লাই। পরিবর্ত ফুটবলার হিসাবে নেমেছিলেন ভেলুপিল্লাই।

Advertisement

২০০৬ সালের বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলেছিলেন ভারতীয় বংশোদ্ভুত ফুটবলার বিকাশ ধোরাসু। ঠিক দু’দশক পর বিশ্বকাপ খেললেন ভেলুপিল্লাই। কানাডার ভ্যাঙ্কুভারে ২০ বছরের উইঙ্গার নেস্টোরি ইরানকুন্ডার পরিবর্ত হিসাবে মাঠে নামেন উইঙ্গার ভেলুপিল্লাই। ম্যাচের বয়স তখন ৬১ মিনিট।

ভেলুপিল্লাইয়ের মা গিলিয়ান ভেলুপিল্লাই অ্যাঙ্গলো ভারতীয়। তাঁর বাবা শ্রীলঙ্কার তামিল বংশোদ্ভুত। ২৫ বছরের ভেলুপিল্লাই অস্ট্রেলিয়ায় অন্যতম প্রতিভাবান ফুটবলার হিসাবে বিবেচিত। যদিও তুরস্কের বিরুদ্ধে ফুটবল দক্ষতা সে ভাবে মেলে ধরতে পারেননি। ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তাঁর। মেলবোর্ন ভিক্ট্রির অ্যাকাডেমির শিক্ষার্থী বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে চিনের বিরুদ্ধে প্রথম খেলেন। সেই ম্যাচে মাঠে নামার ৭ মিনিটের মাথায় গোল করে নজর কাড়েন। ভাল পারফরম্যান্সের সুবাদে অস্ট্রেলিয়ার কোচ টনি টোপোভিচের আস্থা অর্জন করে নিয়েছেন।

মেলবোর্ন ভিক্ট্রির মূল দলে খেলছেন ২০২১ সাল থেকে। ক্লাবের হয়ে এখনও পর্যন্ত ১৩৮টি ম্যাচ খেলে ২৫টি গোল করেছেন। ২০২১-২২ মরসুমে অস্ট্রেলিয়ার সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পান। ২০২৪-২৫ মরসুম থেকে ভাল ফর্মে রয়েছেন ভেলুপিল্লাই।

Advertisement
আরও পড়ুন