Real Madrid Foundation World Challenge

স্পেনের মাটিতে চমক ভারতের খুদে ফুটবলারদের, ব্রাজিলকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১২ দল

স্পেন, জার্মানি, আমেরিকা, উরুগুয়ে, মেক্সিকো, মালয়েশিয়া, কানাডা, মরক্কো এবং আজ়ারবাইজানকে হারিয়েছে ভারতের অনূর্ধ্ব-১২ ফুটবলারেরা। ফাইনালে ৩-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিলকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ২০:০৬
picture of football

ওয়ার্ল্ড চ্যালেঞ্জ ট্রফি নিয়ে উচ্ছ্বাস ভারতের অনূর্ধ্ব-১২ ফুটবলারদের। ছবি: এক্স।

ভারতীয় ফুটবলে যতই ডামাডোল চলুক, বিদেশের মাটিতে চমক অনূর্ধ্ব-১২ দলের। রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন ওয়ার্ল্ড চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন হল ভারত। ফাইনালে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে হারিয়েছে অনূর্ধ্ব-১২ ভারতীয় দল।

Advertisement

রিয়াল মাদ্রিদের এই প্রতিযোগিতা খুদেদের বিশ্বকাপ হিসাবে পরিচিত। অনূর্ধ্ব-১০, অনূর্ধ্ব-১২ এবং অনূর্ধ্ব-১৪ পর্যায়ের বিভিন্ন দেশের দল অংশগ্রহণ করে। এ বার ৮০টির বেশির দেশ অংশগ্রহণ করেছিল। এক হাজারের বেশি খুদে ফুটবলারকে নিয়ে প্রতিযোগিতা হয়েছে রিয়ালের স্পোর্টস সিটিতে। ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের দল অংশ নিয়েছিল বার্ষিক প্রতিযোগিতায়। সেখানেই চ্যাম্পিয়ন ভারত।

গোটা প্রতিযোগিতায় ধারাবাহিক ভাবে ভাল পারফর্ম করেছে অনূর্ধ্ব-১২ দলের ফুটবলারেরা। দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, পুণে এবং বেঙ্গালুরু থেকে নির্বাচন করা হয়েছিল খুদে ফুটবলারদের। চ্যাম্পিয়ন ভারতীয় দলের হাতে ট্রফি তুলে দিয়েছেন রিয়াল এবং ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রবার্তো কার্লোস। প্রতিযোগিতায় স্পেন, জার্মানি, আমেরিকা, উরুগুয়ে, মেক্সিকো, মালয়েশিয়া, কানাডা, মরোক্কো এবং আজ়ারবাইজানকে হারিয়েছে ভারত।

ভাল ফল করেছে ভারতের অনূর্ধ্ব-১৪ দলও। সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইটালির কাছে ২-৩ ব্যবধানে হেরেছে ভারতীয় দল। কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়রের মতো ফুটবলারেও ছোটবেলায় খেলেছেন রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন ওয়ার্ল্ড চ্যালেঞ্জে।

Advertisement
আরও পড়ুন