ISL 2021-22

ATK Mohun Bagan: জিতে শুরু করেও এটিকে মোহনবাগান কোচ হাবাসের মাথা গরম, কী বললেন ম্যাচের পর

দলের খেলায় খুব একটা খুশি নন এটিকে মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাস। বিশেষ করে দ্বিতীয়ার্ধের খেলা একেবারেই খুশি করতে পারেনি কোচকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২১ ১৪:২৫
কেন অখুশি এটিকে মোহনবাগান কোচ

কেন অখুশি এটিকে মোহনবাগান কোচ ফাইল চিত্র।

এ বারের আইএসএল-এর প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৪-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে এটিকে মোহনবাগান। কিন্তু দলের খেলায় খুব একটা খুশি নন এটিকে মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাস

বিশেষ করে দ্বিতীয়ার্ধের খেলা একেবারেই খুশি করতে পারেনি স্প্যানিশ কোচকে। শুক্রবার ম্যাচের পরে হাবাসকে দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এখনও অনেক উন্নতি করতে হবে। দ্বিতীয়ার্ধের খেলায় খুশি নই। তখন দলের মধ্যে ঢিলেমি চলে এসেছিল। অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল ছেলেরা। আরও গোল করতে পারতাম আমরা। অনেক গোলের সুযোগ পেয়েছিলাম। পারিনি। এটা ঠিক নয়। এই জায়গাটায় আরও উন্নতি করতে হবে। তিন পয়েন্ট পেলেও দ্বিতীয়ার্ধে আরও ভাল ফুটবল খেলা উচিত ছিল। জাতীয় দলে সুযোগ পেতে গেলে আরও ভাল খেলতে হবে ওদের।’’

Advertisement

এর পরেই আগামী শনিবার এটিকে মোহনবাগানের সামনে এসসি ইস্টবেঙ্গল। স্বাভাবিক ভাবেই সেই ম্যাচ নিয়ে প্রশ্ন ওঠে। হাবাস বলেন, ‘‘ওটাও তো আর পাঁচটা ম্যাচের মতোই। ওই ম্যাচে জিতলে তো আর পাঁচ-ছ পয়েন্ট পাওয়া যাবে না, তিন পয়েন্টই পাওয়া যাবে। ম্যাচের আগে ম্যাচ খেলতে রাজি নই। মাঠে নেমেই খেলব।’’

ডার্বি ম্যাচের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘‘আপাতত বিশ্রাম দরকার ছেলেদের। আমার ফুটবলারদের রিকভারি প্রয়োজন। সেটা হওয়ার পরেই এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে ভাবা শুরু করব আমরা।’’

শুক্রবার প্রথম ম্যাচেই জোড়া গোল করে দলকে জিতিয়েছেন হুগো বুমোস। দল-দর্শনে বিশ্বাসী হাবাস আলাদা করে বুমোসকে নিয়ে কিছু বলতে চাননি। তাঁর বক্তব্য, ‘‘আমরা একটা দল হিসেবে জিতেছি। কোনও একজনের জন্য জিতিনি। বুমোস অবশ্যই ভাল খেলোয়াড়। কিন্তু ওর মতো এক ঝাঁক ভাল ফুটবলার আছে আমাদের। কোনও একজন-দুজনের ওপর নির্ভর করতে চাই না। দল হিসেবে খেলতে হবে।’’

এ বারের এটিকে মোহনবাগান দলে তারুণ্যের ছাপ। দলের গড় বয়স কম। এটি বাড়তি সুবিধে কি না জানতে চাইলে হাবাস বলেন, ‘‘আমাদের দলের ভারসাম্য খুব ভাল। বেশির ভাগই সমবয়সি। শুভাশিস, প্রীতম সবাই ২৬-২৭ বছর বয়সি, টাঙরি ওদের চেয়েও ছোট।’’

Advertisement
আরও পড়ুন