FIFA World Cup 2026

আমেরিকার প্রথম ম্যাচের আগে ধর্মঘটের হুমকি স্টেডিয়ামের ২০০০ কর্মীর! বিশ্বকাপের আগে আবার সমস্যায় ট্রাম্পের সরকার

আমেরিকায় বিশ্বকাপের আয়োজন ঘিরে একের পর এক সমস্যা তৈরি হয়েছে। কখনও তা প্রশাসনিক, আবার কখনও রাজনৈতিক। এ বার আরও এক সমস্যা দেখা গেল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১১:১৪
football

সোফি স্টেডিয়াম। এই মাঠেই নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আমেরিকা। ছবি: রয়টার্স।

বিশ্বকাপ শুরুর আগে আবার তৈরি হল এক জটিলতা। আমেরিকায় বিশ্বকাপের আয়োজন ঘিরে আগেও একের পর এক সমস্যা তৈরি হয়েছে। কখনও তা প্রশাসনিক, আবার কখনও রাজনৈতিক। এ বার জানা গিয়েছে, ধর্মঘটের হুমকি দিয়েছেন আমেরিকার সোফি স্টেডিয়ামের ২০০০ কর্মী।

Advertisement

বিশ্বকাপে ১৩ জুন সোফি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আয়োজক দেশ আমেরিকা। স্টেডিয়ামে যারা খাবার সরবরাহ করে তাদের সঙ্গে চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। ফলে চাইলে এই কাজের সঙ্গে যুক্ত ২০০০ কর্মী সে দিন কাজে না-ও যেতে পারেন। শ্রমিক সংগঠনের সদস্য ইয়োলান্ডা ফিয়েরো জানিয়েছেন, বেতন ও চাকরির নিরাপত্তা নিয়ে চিন্তিত কর্মীরা। যদি বিশ্বকাপ শুরুর আগে ট্রাম্প সরকার চুক্তি না করে, তা হলে ধর্মঘটের হুমকি দিয়েছেন কর্মীরা।

শ্রমিক সংগঠনের যুগ্ম-সভাপতি কার্ট পিটারসেন বলেছেন, “যদি স্টেডিয়ামের কর্মীরা বাড়িভাড়া দেওয়ার টাকাও না পায়, তা হলে আমেরিকায় বিশ্বকাপ আয়োজন করে কী লাভ। যদি আমরা বাধ্য হয়ে ধর্মঘট করি, তা হলে কিন্তু ফিফার কর্তাদের মাঠে জল ছাড়া কিছু জুটবে না। দর্শকেরা কি এই অব্যবস্থা মেনে নেবে? সেটা প্রশাসনের ভাবা উচিত।”

সোফি স্টেডিয়ামে খাবার সরবরাহের সঙ্গে যুক্ত সংস্থা লেজেন্ডস গ্লোবাল অবশ্য আশাবাদী যে, বিশ্বকাপ শুরুর আগে সমস্যা মিটে যাবে। সংস্থা একটি বিবৃতিতে বলেছে, “আলোচনা চলছে। বিশ্বকাপ শুরুর আগে নতুন চুক্তি হয়ে যাবে। আমরা আশা করছি, সোফি স্টেডিয়ামে প্রথম ম্যাচে দর্শক ও অতিথিদের আপ্যায়ন খুব ভাল ভাবে হবে।”

আমেরিকায় বিশ্বকাপের আগে ফুটবলার ও দর্শকদের ভিসা, সেখানকার অভিবাসন নীতি, বিশ্বকাপের টিকিটের চড়া দাম, আমেরিকার মাটিতে ইরানের খেলা নিয়ে একের পর এক জটিলতা তৈরি হয়েছে। ট্রাম্প সরকারকে বার বার নিশানা করা হয়েছে। এ বার বিশ্বকাপ শুরুর চার দিন আগে আরও একটি সমস্যা দেখা গিয়েছে। এখন দেখার, এই সমস্যা বিশ্বকাপের উপর প্রভাব ফেলে কি না।

Advertisement
আরও পড়ুন