FIFA World Cup 2026

বিশ্বকাপে নামার আগে ছন্দে মেসি, করলেন কঠোর অনুশীলন, তবু লিয়োকে নিয়ে সতর্কবার্তা আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলারের

কয়েক দিন আগেও চোটে ছিলেন লিয়োনেল মেসি। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে পুরোপুরি সুস্থ তিনি। পুরোদমে অনুশীলন করছেন মেসি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৯:২১
football

অনুশীলনে লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।

স্বস্তি পাবেন আর্জেন্টিনার সমর্থকেরা। পুরোদমে অনুশীলন শুরু করেছেন লিয়োনেল মেসি। তাঁকে দেখে মনে হচ্ছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। কয়েক দিন আগেও চোটে ছিলেন তিনি। ফলে কিছুটা হলেও চিন্তায় ছিলেন মেসির ভক্তেরা। তাঁদের চিন্তা অনেকটাই কমেছে।

Advertisement

ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। ফলে আমেরিকায় পা দেওয়ার পরে শুরুতে দলের সঙ্গে অনুশীলন করছিলেন না তিনি। আলাদা করে অনুশীলন করছিলেন। কিন্তু রবিবার কানসাস সিটি এফসির মাঠে দলের সঙ্গেই পুরোদমে অনুশীলন করেছেন তিনি। মেসিকে দেখে মনে হয়নি, কোনও সমস্যা হচ্ছে। হাসিখুশি দেখায় তাঁকে।

আর্জেন্টিনার হয়ে আইসল্যান্ডের বিরুদ্ধে পরিবর্ত হিসাবে নেমেছিলেন মেসি। পেনাল্টি থেকে গোলও করেছিলেন। ম্যাচের পর মেসি জানিয়েছিলেন, তাঁর চোট অনেকটাই সুস্থ। কোনও সমস্যা হচ্ছে না। অনুশীলনেও সেটাই দেখা গেল। পুরনো ছন্দের মেসিকে দেখা গেল।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তবে মেসি পুরো সুস্থ থাকলেও তাঁকে নিয়ে লিয়োনেল স্কালোনিকে সতর্ক থাকার কথা বলেছেন আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার জুয়ান সেবাস্তিয়ান ভেরন। তাঁর মতে, মেসিকে ব্যবহার করার ক্ষেত্রে বুদ্ধি কাজে লাগাতে হবে স্কালোনিকে। ভেরন বলেন, “বিশ্বকাপে মেসিকে নিয়ে সতর্ক থাকতে হবে। আমার মনে হয় না প্রতি ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ও খেলতে পারবে।”

মেসিকে সাহায্য করার জন্য তিন জনকে বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন ভেরন। তিনি বলেন, “ইউলিয়ান আলভারেজ়, এঞ্জো ফের্নান্দেজ় ও লাউতারো মার্তিনেজ়কে বাড়তি দায়িত্ব নিতে হবে। তিন জনই ফর্মে রয়েছে। আক্রমণ ভাগে এই তিন জনের উপর নির্ভর করবে আর্জেন্টিনা। ওরা বাড়তি দায়িত্ব নিলে মেসির উপর চাপ কমবে। তাতে আর্জেন্টিনারই সুবিধা হবে।”

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে আলজেরিয়া, জর্ডন ও অস্ট্রেলিয়া। ১৭ জুন, বুধবার ভারতীয় সময় ভোর ৬.৩০ মিনিটে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে। ২২ জুন রাত ১০.৩০ মিনিটে অস্ট্রিয়া ও ২৮ জুন সকাল ৭.৩০ মিনিটে জর্ডনের বিরুদ্ধে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবেন মেসিরা। আরও এক বার বিশ্বকাপ জেতার লক্ষ্যে নেমেছে আর্জেন্টিনা। আরও এক বার মেসির উপরেই ভরসা তাদের।

Advertisement
আরও পড়ুন