লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।
বিশ্বকাপে নিজের গোলের সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ কি গ্রুপের শেষ ম্যাচে পাবেন না লিয়োনেল মেসি? ইতিমধ্যেই গ্রুপ শীর্ষে থেকে নকআউটে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। ফলে রবিবার ভারতীয় সময় সকালে জর্ডনের বিরুদ্ধে আর্জেন্টিনার শেষ গ্রুপ ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে মেসিকে। নিয়মরক্ষার ম্যাচে দলের বাকিদের দেখে নিতে চাইছেন কোচ লিয়োনেল স্কালোনি।
গ্রুপ পর্বে দু’টি ম্যাচ হেরে ইতিমধ্যেই বিশ্বকাপের নকআউটের লড়াই থেকে বিদায় নিয়েছে জর্ডন। তাই তাদের সামনে আর্জেন্টিনাকে খুব একটা সমস্যায় পড়তে হবে না বলেই মনে করা হচ্ছে। সেই কারণেই কি গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রাম দেবেন স্কালোনি? আর্জেন্টিনার কোচ সেই ইঙ্গিতই দিয়েছেন। তিনি বলেন, “সব ফুটবলারকে সুযোগ দেওয়ার ভাবনা রয়েছে। আমার মতে, সকলের সুযোগ পাওয়া উচিত। জর্ডন ম্যাচে সেই সুযোগ রয়েছে। তাই সেটাই করব।”
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
তিনি কাকে বিশ্রাম দিতে চান, সেই বিষয়ে স্পষ্ট করে বলেননি স্কালোনি। তবে জল্পনা, সেই তালিকায় মেসি রয়েছেন। বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে ৭৮ মিনিট মাঠে ছিলেন তিনি। করেছিলেন হ্যাটট্রিক। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে পুরো ৯৫ মিনিটই খেলেছেন। একটি পেনাল্টি ফস্কালেও জোড়া গোল করেছেন।
নকআউটে তরতাজা মেসিকে প্রয়োজন স্কালোনির। আমেরিকার গরমে ফুটবলারদের খেলতে কষ্ট হচ্ছে। ফলে শারীরিক ধকল সামলানো খুব গুরুত্বপূর্ণ। সেই কারণেই মেসিকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে অন্য একটি জল্পনাও উঠে আসছে। মেসি যে ফর্মে রয়েছেন, তাতে জর্ডনের বিরুদ্ধে খেললে আরও একটি হ্যাটট্রিক করতে পারেন। সে ক্ষেত্রে তাঁর গোলের সংখ্যা আরও বেড়ে যাবে। মেসির পিছনেই রয়েছেন কিলিয়ান এমবাপে। দুই তারকার লড়াই চলছে। সেই লড়াইয়ে আরও খানিকটা এগিয়ে যেতে পারবেন তিনি। নকআউটের ম্যাচের আগে পাঁচ দিন সময় রয়েছে। বিশ্রামের পর্যাপ্ত সুযোগ রয়েছে। ফলে কোচ চাইলেও মেসি বিশ্রাম নেবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। অন্তত প্রথমার্ধ খেলার চেষ্টা করবেন তিনি।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মেসির পরিবর্তে তরুণ স্ট্রাইকার নিকোলাস পাজ়কে খেলাতে পারেন স্কালোনি। জুলিয়ান আলভারেজ়, নিকোলাস ট্যাগলিয়াফিকো, নিয়োনার্দো পারেদেসরাও বেশি ক্ষণ থাকতে পারেন মাঠে। তাঁরা চোট সারিয়ে ফিরেছেন। ফলে তাঁরে ম্যাচ ফিট করতে চাইবেন স্কালোনি। আগের ম্যাচে চোট পেয়ে উঠে যাওয়া ক্রিশ্চিয়ান রোমেরোকোও বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর বদলে শুরু থেকে খেলতে পারেন নিকোলাস ওটামেন্ডি।