গুরু-শিষ্য: নাটকীয় জয়ের পরে গুয়ার্দিওলা ও হালান্ড। ছবি: রয়টার্স।
লিভারপুলের বিরুদ্ধে রবিবার ইপিএলে পিছিয়ে থেকেও ২-১ গোলে জিতেছে ম্যাঞ্চেস্টার সিটি। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৫০। সমসংখ্যক ম্যাচে ৫৬ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। কিন্তু ম্যান সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা জানিয়ে দিচ্ছেন, ছয় পয়েন্টে পিছিয়ে থাকলেও খেতাবের আশা এখনই তাঁরা ছাড়ছেন না।
রবিবার অ্যানফিল্ডে ৭৪ মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে দিয়েছিলেন দমিনিক সোবোজ়লাই। ৮৪ মিনিটে গোল শোধ করেন বের্নার্দো সিলভা। ৯০+৩ মিনিটে পেনাল্টি থেকে ২-১ করেন আর্লিং হালান্ড।
ম্যাচে ম্যান সিটির হয়ে গোল করেছেন বের্নার্দো সিলভা ও আর্লিং হালান্ড। তবে আসল নায়ক ছিলেন নরওয়ের স্ট্রাইকারই। প্রথম গোলের ক্ষেত্রে হালান্ডই পাস দেন বের্নার্দোকে। দ্বিতীয় ক্ষেত্রে তিনি নিজেই পেনাল্টি থেকে গোল করেন। ম্যাচের পরে পেপ মনে করিয়ে দিয়েছেন, এখনও ইপিএলে ১৩ ম্যাচ বাকি রয়েছে। ফলে পয়েন্ট টেবলের অবস্থান অনেকটাই বদলে যেতে পারে।
নাটকীয় জয়ের পরে ম্যান সিটি ম্যানেজারের কথায়, “আমরা ছয় পয়েন্টে পিছিয়ে রয়েছি। মেনে নিচ্ছি, আর্সেনালের চেয়ে ব্যবধান অনেকটাই বেশি। কিন্তু মনে রাখতে হবে লিগে এখনও ১৩ ম্যাচ বাকি রয়েছে। ফলে পয়েন্ট টেবলে অনেক পরিবর্তন হতে পারে। তবে আমরা তিন পয়েন্ট পেয়ে খুশি।” তাঁর সংযোজন, “হয়তো আর্সেনালের জন্য ছয় পয়েন্ট যথেষ্ট নয়। এর পরে এফএ কাপ রয়েছে, কারাবাও কাপের ফাইনাল রয়েছে, মার্চে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে, ফলে চোট-আঘাতেরসমস্যা হতেই পারে।”
পেপ আশা করছেন, আর্সেনালও হয়তো পরের দিকে পয়েন্ট খোয়াতে পারে। “আমাদের লক্ষ্য আর্সেনালের পয়েন্টের যত কাছাকাছি সম্ভব পৌঁছনো। ফলে ওরা ভুল করলেই যাতে আমরা ওদেরকে টপকে যেতে পারি,” বক্তব্য পেপের।