ISL 2026

মাঠে নামতে তৈরি রবিনহো, শুক্রবার পুরনো ক্লাব মুম্বইকে হারিয়ে লিগশীর্ষে থেকে বিরতিতে যেতে চান বাগান কোচ লোবেরা

শুক্রবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। নিজের পুরনো ক্লাবের বিরুদ্ধে সের্জিয়ো লোবেরা। ৩ পয়েন্ট ছাড়া তিনি কিছু ভাবছেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ২০:৩১
football

সের্জিয়ো লোবেরা। —ফাইল চিত্র।

আগের ম্যাচে মরসুমে প্রথম বার পয়েন্ট নষ্ট করেছে মোহনবাগান। পর পর দু’ম্যাচে তা হোক, চান না সের্জিয়ো লোবেরা। শুক্রবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে খেলতে নামবে মোহনবাগান। নিজের পুরনো ক্লাবের বিরুদ্ধে লোবেরা। ৩ পয়েন্ট ছাড়া তিনি কিছু ভাবছেন না। তাঁকে স্বস্তি দিয়েছে মাঝমাঠ ও রক্ষণের দুই প্রধান ভরসা রবসন রবিনহো ও আলবের্তো রদ্রিগেজ়ের সুস্থ হয়ে ওঠা। শুক্রবার মাঠে নামতে তৈরি তাঁরা।

Advertisement

এই ম্যাচের পর বেশ কয়েক দিনের বিরতি থাকবে আইএসএলে। বিরতিতে যাওয়ার আগে শেষ ম্যাচ জিতে লিগশীর্ষেই থাকতে চান লোবেরা। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে লোবেরা জানিয়েছেন, রবিনহো ও আলবের্তো চোট সারিয়ে মাঠে নামতে তৈরি। তাঁর দলের পরিবেশ ফুরফুরে।

আগের ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র করে লোবেরা জানিয়েছিলেন, ১ পয়েন্ট পেয়ে তিনি খুশি নন। উল্টে ২ পয়েন্ট হারিয়েছেন তিনি। সেই ছন্দেই এ দিন সাংবাদিক বৈঠকে লোবেরা বলেন, “আমি অন্যদের থেকে আলাদা। অনেকে ১ পয়েন্ট পেলে খুশি হন। কিন্তু আমি সেটাকে ২ পয়েন্ট হারানো হিসাবে দেখি। আমি চাই না, মুম্বইয়ের বিরুদ্ধে সেটা হোক।”

তবে মুম্বই কঠিন দল। তাদের বিরুদ্ধে জয় সহজ হবে না। অ্যাওয়ে ম্যাচ হলেও ৩ পয়েন্ট ছাড়া কিছু ভাবছেন না লোবেরা। বাগান কোচ বলেন, “মুম্বই ভাল দল। ওদের বিরুদ্ধে লড়াই কঠিন। সেটা ফুটবলারেরাও জানে। মুম্বই ৩ পয়েন্টের জন্যই ঝাঁপাবে। আমাদেরও সেটাই লক্ষ্য থাকবে। ৩ পয়েন্ট নিয়েই বিরতিতে যেতে চাই।”

বিরতির পরেই জামশেদপুরের মুখোমুখি হবে বাগান। লিগ-শিল্ডের লড়াইয়ে রয়েছে জামশেদপুরও। তবে আপাতত সেই ম্যাচের কথা ভাবছেন না বাগান কোচ। লোবেরা বলেন, “এখন জামশেদপুর ম্যাচ নিয়ে ভাবছি না। আপাতত শুধু মুম্বই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়ার পরিকল্পনা করছি।”

মুম্বইয়ের কোচ হিসাবে আইএসএল জিতেছেন লোবেরা। হারিয়েছেন মোহনবাগানকে। এ বার উল্টো দলের দায়িত্বে তিনি। মুম্বইয়ে ভাল সময় কাটালেও অতীত নিয়ে ভাবতে রাজি নন লোবেরা। তিনি বলেন, “মুম্বইয়ের কোচ হিসাবে ট্রফি জিতেছি। তবে এখন আমি মোহনবাগানের কোচ। অতীত আঁকড়ে থেকে লাভ নেই। জনি কাউকোর মতো ফুটবলার ওদের রয়েছে। কাউকো মোহনবাগানেও খেলে গিয়েছে। ওদের বিরুদ্ধে কঠিন লড়াই হবে।” তবে বেঙ্গালুরু ম্যাচের থেকে বেশি সুযোগ তিনি পাবেন বলে মনে করেন লোবেরা। বাগান কোচ বলেন, “বেঙ্গালুরু তো ১০ জন মিলে রক্ষণ করছিল। বক্সে জটলা তৈরি করেছিল। মুম্বই অনেক বেশি আক্রমণাত্মক খেলে। ফলে আমরাও সুযোগ বেশি পাব।”

লিগ তালিকায় আপাতত পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সকলের উপরে মোহনবাগান। মুম্বই তিন নম্বরে। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ১১। ফলে যদি মুম্বই শুক্রবার জেতে তা হলে মোহনবাগানকে টপকে যাবে। তাই সতর্ক লোবেরা। জয় ছাড়া কিছু ভাবছেন না বাগান কোচ।

Advertisement
আরও পড়ুন