Mohun Bagan

আবার মোহনবাগান বনাম জাতীয় দল সংঘাত! সাত ফুটবলারকে ভারতের হয়ে খেলতে লন্ডনে যেতে দিল না সবুজ-মেরুন

মোহনবাগানের সঙ্গে আবার সংঘাত লাগল জাতীয় দল, তথা ফেডারেশনের। ইউনিটি কাপ খেলতে দলের সাত ফুটবলারের লন্ডনে উড়ে যাওয়ার কথা ছিল রবিবার সন্ধ্যায়। তাঁদের যেতে দিচ্ছে না মোহনবাগান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ২২:৪৬
football

লিস্টনদের ছাড়ছে না মোহনবাগান। ছবি: সমাজমাধ্যম।

মোহনবাগানের সঙ্গে আবার সংঘাত লাগল জাতীয় দল তথা ফেডারেশনের। ইউনিটি কাপ খেলতে দলের সাত ফুটবলারের লন্ডনে উড়ে যাওয়ার কথা ছিল রবিবার সন্ধ্যায়। তাঁদের যেতে দিচ্ছে না মোহনবাগান। সকলকে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে। ক্লাবের স্পষ্ট দাবি, ফিফা উইন্ডোয় যে সময়সীমা নির্দিষ্ট করা রয়েছে, তার আগে বা পরে ফুটবলার ছাড়তে রাজি নয় তারা।

Advertisement

আগামী ২৭ মে জামাইকার বিরুদ্ধে খেলার কথা ভারতের। সেই ম্যাচ জিতলে ৩০ মে ফাইনাল ছিল। জামাইকার বিরুদ্ধে হারলে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ খেলতে হবে ভারতকে। তবে ফিফা উইন্ডো রয়েছে ১-৯ জুন। তার আগে এই প্রতিযোগিতা হওয়ায় মোহনবাগান রাজি হয়নি ফুটবলার ছাড়তে।

মোহনবাগানের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, “আমাদের অবস্থান খুব স্পষ্ট, ফিফা উইন্ডো শুরু হওয়ার দিনেই ফুটবলার ছাড়া হবে। তার আগে নয়। আমরা দল থেকে ফুটবলারদের ছেড়ে দিয়েছি। ওরা যদি নিজে থেকে দলের সঙ্গে যেতে চায়, তা হলে পরে চোট পেলে আমরা কোনও দায়িত্ব নেব না। ফিফা উইন্ডো ১ জুন থেকে শুরু। সেই দিনের পর কোনও ফুটবলার চোট পেলে ফিফা ক্ষতিপূরণ দেবে। তার আগে কেউ চোট পেলে কোনও সুরক্ষা নেই। এর আগে শুভাশিস বসু এবং আশিক কুরুনিয়নের সময় ফেডারেশন কোনও ক্ষতিপূরণ দেয়নি।”

ওই কর্তা এটাও জানিয়েছেন, ক্লাব কোনও ফুটবলারকেই জাতীয় দলে যোগ দেওয়া থেকে আটকাবে না। কিন্তু জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে কেউ চোট পেলে তাঁর দায়িত্বও নেবে না। কর্তার কথায়, “খেলোয়াড়েরা যাবে কি না, সেটা ওদের সিদ্ধান্ত। কিন্তু ১ জুনের আগে চোট পেলে মোহনবাগান দায়িত্ব নেবে না।” ইউনিটি কাপে খেলার জন্য ডাক পেয়েছিলেন লিস্টন কোলাসো, মনবীর সিংহ, আপুইয়া, সাহাল সামাদ, অনিরুদ্ধ থাপা, অভিষেক সিংহ এবং বিশাল কাইথ।

অতীতে মোহনবাগানের সঙ্গে একাধিক বার ফেডারেশনের ঝামেলা হয়েছে। গত বছর এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শুভাশিস চোট পাওয়ার সময় ফেডারেশনের বিরুদ্ধে আঙুল তুলে মোহনবাগান জানিয়েছিল, কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এমনকি শুভাশিস যে চোট পেয়েছেন সেটাও স্পষ্ট করে জানানো হয়নি। ফেডারেশন যাবতীয় অভিযোগ খারিজ করে জানিয়েছিল, আইএসএল ফাইনাল খেলতে গিয়ে চোট পেয়েছিলেন শুভাশিস। তার আগে আশিককে নিয়েও একই জিনিস হয়েছিল।

ইস্টবেঙ্গল অবশ্য ফুটবলারদের ছাড়ছে। আনোয়ার আলি চোটের কারণে যাবেন না। জিকসন সিংহ যাবেন কি না স্পষ্ট নয় এখনও। ক্লাবকর্তা দেবব্রত সরকার এ দিন বলেছেন, “অন্য ক্লাবে কী হয়েছে তা নিয়ে আগ্রহী নয়। আমাদের আনোয়ার বাদে সবাই গিয়েছে। আনোয়ারের চোট নিয়ে আগেই আমরা জানিয়ে দিয়েছিলাম। দেশের ফুটবল সবার আগে। দেশের ফুটবল না এগোলে ক্লাব ফুটবল কখনওই এগোবে না।”

Advertisement
আরও পড়ুন