Amey Ranawade

চোট পাওয়া আশিসের বিকল্প সই করাল মোহনবাগান, সবুজ-মেরুনে এলেন অমেয়, রবিবার থেকেই শুরু কেরল ম্যাচের টিকিট বিক্রি

হাঁটুর চোটে গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছেন আশিস রাই। তাঁর জায়গায় বিকল্প ফুটবলার সই করিয়ে ফেলল মোহনবাগান। সবুজ-মেরুনে যোগ দিচ্ছেন অমেয় রানাওয়াড়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫১
football

অমেয় রানাওয়াড়ে। ছবি: সমাজমাধ্যম।

হাঁটুর চোটে গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছেন আশিস রাই। তাঁর জায়গায় বিকল্প ফুটবলার সই করিয়ে ফেলল মোহনবাগান। সবুজ-মেরুনে যোগ দিচ্ছেন অমেয় রানাওয়াড়ে। এক বছরের চুক্তিতে সই করেছেন তিনি। মরসুম শেষ হওয়ার পর পুরনো ক্লাব কেরল ব্লাস্টার্সে ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।

Advertisement

অতীতে মুম্বই সিটির হয়ে আইএসএলের শিল্ড এবং কাপ জিতেছেন অমেয়। তার পর ওড়িশা এফসি এবং বেঙ্গালুরু ইউনাইটেডে খেলেছেন। সেখান থেকে যোগ দিয়েছিলেন কেরলে। তবে দলের বাকি কয়েক জন ফুটবলারদের মতোই তিনিও স্বল্প সময়ের জন্য কেরল ছেড়ে অন্য ক্লাবে খেলবেন। মুম্বই এবং ওড়িশায় থাকার সময় সের্জিয়ো লোবেরার অধীনে খেলেছিলেন অমেয়। আবারও পুরনো গুরুকেও পাচ্ছেন তিনি।

আইএসএলে নিয়মিত রাইট-ব্যাক হিসাবে খেলেন অমেয়। তাঁর অভিজ্ঞতাও অনেক। অমেয় যোগ দেওয়ায় মোহনবাগান রক্ষণের গভীরতা বাড়বে বলেই মনে করা হচ্ছে। ডান দিক বা বাঁ দিক, দলের প্রয়োজনে যে কোনও পজিশনে খেলতে পারেন তিনি। লোবেরার দর্শনের সঙ্গে মানিয়ে গতিশীল ফুটবল খেলতে পারেন তিনি। সোমবার থেকে অনুশীলনে নামতে পারেন অমেয়।

এ দিকে, শনিবার আনুষ্ঠানিক ভাবে আইএসএলের সূচি প্রকাশ করেছে ফেডারেশন। ১৪ ফেব্রুয়ারি মোহনবাগান নামছে কেরলের বিরুদ্ধে। তার টিকিট বিক্রি রবিবার রাত থেকেই শুরু হবে বলে জানানো হয়েছে ক্লাবের তরফে।

Advertisement
আরও পড়ুন