নেমার। — ফাইল চিত্র।
প্রথমে একা, তার পর দলের সঙ্গে অনুশীলনে নামতে আশার আলো দেখেছিলেন অনেক সমর্থক। সেই আশার আলো নিবে গেল এক দিনেই। দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, হাইতি ম্যাচেও পাওয়া যাবে না নেমারকে। তিনি দলের সঙ্গে ফিলাডেলফিয়া যাচ্ছেন না। থেকে যাচ্ছেন নিউ জার্সিতেই।
বৃহস্পতিবার ব্রাজ়িল ফুটবল সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, চূড়ান্ত পর্যায়ের রিকভারির জন্য নেমারকে নিউ জার্সিতেই রাখার সিদ্ধান্ত হয়েছে। রিজ হোটেল এবং কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারের অসাধারণ পরিকাঠামোয় অনুশীলন করে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠার চেষ্টা চালাবেন। নেমার কবে মাঠে ফিরতে পারেন সে সম্পর্কে অবশ্য কিছু বলা হয়নি।
মঙ্গলবার একা একাই অনুশীলনে নেমেছিলেন নেমার। বুধবার গোটা দলের সঙ্গে অনুশীলন করেন। বেশি হাসিখুশি মেজাজে ছিলেন ব্রাজ়িলের তারকা ফুটবলার। গা ঘামানোর পাশাপাশি বল নিয়েও খানিক ক্ষণ অনুশীলন করেন। তার আগে তিনি ইন্ডোরে দীর্ঘ দিন অনুশীলন শুরু করেছেন। ব্রাজ়িলের ফিজিয়ো এবং ফিটনেস কোচেদের তত্ত্বাবধানেই দিন কাটছে তাঁর।
স্যান্টোসের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়ার পরেও ব্রাজ়িল দলে নেমারকে রাখেন আনচেলোত্তি। তা নিয়ে সমালোচিতও হতে হয়েছে তাঁকে। আমেরিকায় চলে আসার পর এক দিনও অনুশীলন করেননি নেমার। মঙ্গলবারই প্রথম নামলেন। স্যান্টোসে পাওয়া চোট যেমনটা মনে করা হয়েছিল, তার থেকে গুরুতর বলে মত চিকিৎসকদের।
২০২৩-এর ১৭ অক্টোবরের পর থেকে আর ব্রাজ়িলের হয়ে খেলেননি নেমার। চোটের কারণে ৭০০ দিন মাঠের বাইরে থেকেছেন। যদিও শনিবারের ম্যাচের আগে আনচেলোত্তি বলেছিলেন, “নেমার কঠোর পরিশ্রম করছে। দ্রুত সেরে ওটার চেষ্টা করছে। পরের সপ্তাহেই দলের সঙ্গে যোগ দেবে। ওকে দলে নিয়েছি টেকনিক্যাল দক্ষতার কথা মাথায় রেখেই, যার কোনও তুলনা হয় না। পাশাপাশি ওর অভিজ্ঞতাও সাহায্য করবে আমাদের।”