La Liga

আলভারো-এমবাপে যুগলবন্দি, বার্সেলোনার চাপ বাড়াল রিয়াল

ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য ভাবে শেষ হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রিয়ালের সমর্থকেরা। দ্বিতীয়ার্ধে অবশ্য ছন্দ খুঁজে পান এমবাপে-রা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৯
জুটি: রিয়ালের জয়ের দুই কারিগর এমবাপে ও আলভারো।

জুটি: রিয়ালের জয়ের দুই কারিগর এমবাপে ও আলভারো। ছবি: পিটিআই।

লা লিগা

ভ্যালেন্সিয়া ০-২ রিয়াল

রোমাঞ্চকর লা লিগায় খেতাবি লড়াই। রবিবার রাতে ভ্যালেন্সিয়াকে ২-০ হারিয়ে শীর্ষ স্থানে থাকা বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। নেপথ্যে আলভারো কারেরাস-কিলিয়ান এমবাপে যুগলবন্দি। দুই দলের মধ্যে এই মুহূর্তে ব্যবধান মাত্র এক পয়েন্টের।

শনিবার রাতে মায়োরকাকে ৩-০ হারিয়ে আনন্দে মেতে উঠেছিলেন বার্সেলোনার সমর্থকেরা। কারণ, রবিবার রাতে রিয়ালের লড়াই ছিল ভ্যালন্সিয়ার ঘরের মাঠে। তার উপরে চোটের কারণে ছিলেন না ভিনিশিয়াস জুনিয়র, রদ্রিগো এবং জুড বেলিংহাম। অথচ লা লিগার খেতাবি দৌড়ে ভেসে থাকার জন্য জিততেই হত এমবাপেদের।

ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য ভাবে শেষ হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রিয়ালের সমর্থকেরা। দ্বিতীয়ার্ধে অবশ্য ছন্দ খুঁজে পান এমবাপে-রা। ৬৫ মিনিটে অবশেষে অপেক্ষার অবসান। গোল করে রিয়ালকে এগিয়ে দেন আলভারো। যদিও কয়েক মিনিটের মধ্যেই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ভ্যালেন্সিয়া। কিন্তু লুকাস বেলত্রানের শট পোস্টে ধাক্কা খায়। ৮২ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও নষ্ট করেন এমবাপে। সংযুক্ত সময়ে (৯০+১ মিনিট) ব্রাহিম দিয়াসের পাস থেকে তিনিই ২-০ করেন। ম্যাচের পরে আলভারো ও এমবাপের উচ্ছ্বসিত প্রশংসা করে রিয়ালের ম্যানেজার আলভারো আরবেলোয়া বলেছেন, ‘‘আলভারোর গোলটাই ওর অসাধারণ প্রতিভার প্রমাণ দিচ্ছে। ভ্যালেন্সিরার বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচেও দুর্দান্ত গোল করেছিল।’’ এর পরেই যোগ করেছেন, ‘‘কিলিয়ানের জন্য আর কোনও বিশেষণ বাকি নেই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে যদি কেউ টপকে যেতে পারে, সে কিলিয়ানই।’’

২৩ ম্যাচ থেকে ৫৮ পয়েন্ট সংগ্রহ করে টেবলের শীর্ষ স্থানে বার্সা। সমসংখ্যক ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল কি পারবে চ্যাম্পিয়ন হতে? আশাবাদী আরবেলোয়া বলেছেন, ‘‘আমরা জানতাম আমরা কী পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি। আমাদের আটকাতে রক্ষণে পাঁচজনকে রেখে খেলছিল ভ্যালেন্সিয়া। আমরা জানতাম, তাড়াহুড়ো করলে চলবে না। ধৈর্য ধরতে হবে। তবে এখনও অনেক পথ বাকি। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই।’’

আরও পড়ুন