FIFA Womens World Cup

বিশ্বকাপ ফাইনালে গোল করে বিশেষ বার্তা স্পেনের অধিনায়কের, কী লেখা ছিল ওলগার জার্সিতে?

মহিলাদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে গোল করেছেন স্পেনের অধিনায়ক ওলগা কারমোনা। সেই গোলেই ইংল্যান্ডকে হারিয়েছে স্পেন। গোল করে বিশেষ বার্তা দিয়েছেন ওলগা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৩ ১৮:৪৯
Olga Carmona

গোল করার পরে বিশেষ বার্তা স্পেনের অধিনায়ক ওলগা কারমোনার। ছবি: টুইটার

মাত্র ২৩ বছর বয়সে বিশ্বজয় করেছেন ওলগা কারমোনা। মহিলাদের বিশ্বকাপ ফাইনালে তাঁর গোলেই ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ফাইনালে গোল করে নিজের জার্সির মাধ্যমে একটি বিশেষ বার্তাও দিয়েছেন স্পেনের অধিনায়ক।

Advertisement

ম্যাচে ২৯ মিনিটের মাথায় গোল করেন ওলগা। বাঁ প্রান্তে বল পান স্পেনের অধিনায়ক। তিনি বক্সের মধ্যে ঢুকে বাঁ পায়ে মাটি ঘেঁষা শট মারেন। ইংল্যান্ডের গোলরক্ষক ম্যারি আর্পস হাত লাগাতে পারেননি। দ্বিতীয় পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে যায়। গোল করার পরেই সাইডলাইনের দিকে ছুটে যান ওলগা। ছোটার সময় নিজের জার্সি তুলে ধরেন তিনি। নীচে আর একটি জার্সিতে স্পেনের ভাষায় লেখা ছিল ‘মের্চি’। বার বার আঙুল দিয়ে সেই বার্তার দিকেই দেখাচ্ছিলেন ওলগা।

‘মের্চি’র অর্থ ‘বাই’। এই বার্তার মাধ্যমে ওলগা কী বোঝাতে চেয়েছেন তা নিয়ে নানা রকমের কথা সামনে আসছে। কেউ বলছেন, কাতালান ভাষায় এই কথার মানে ‘ধন্যবাদ’। দলের পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানাতে চেয়েছেন তিনি। কেউ আবার বলছেন, নিজের ছোটবেলার স্কুল কলেজিয়ো মার্সেডেসকে ধন্যবাদ জানাতে চেয়েছেন ওলগা। আবার কারও মতে, বন্ধুর মায়ের উদ্দেশে বার্তা দিতে চেয়েছেন স্পেনের অধিনায়ক।

ম্যাচ শেষে ওলগা বলেন, ‘‘আমরা জানতাম যে ইংল্যান্ড খুব কঠিন একটা দল। তাই ওদের হারাতে আমাদের সেরা খেলাটা খেলতে হত। সেটাই করেছি। প্রতিযোগিতার শুরু থেকেই ভাল খেলতে চেয়েছিলাম। কিন্তু বিশ্বকাপ জিতব সেটা ভাবতে পারিনি। আমি বাক্‌রুদ্ধ। কী বলব বুঝতে পারছি না।’’

৫৭ বছরের খরা কাটাতে পারল না ইংল্যান্ড। ফিফা ক্রমতালিকা থেকে শুরু করে অভিজ্ঞতা, সবেতেই স্পেনের থেকে এগিয়ে থাকলেও মাঠে নেমে কাজের কাজটা করতে পারলেন না সেরিনা উইগম্যানের মেয়েরা। বিশ্বকাপের প্রথম ১৫ মিনিট দাপট দেখায় ইংল্যান্ড। কিন্তু এক বার স্পেন খেলা ধরে নেওয়ার পরে আর খেলায় ফিরতে পারেনি ইংল্যান্ড। স্পেনের তিকিতাকার সামনে অসহায় দেখায় তাদের। আরও বড় ব্যবধানে জিততে পারত স্পেন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করার সুযোগ ফস্কান জেনিফার হারমোসো। শেষ পর্যন্ত ১-০ গোলে জেতে স্পেন।

Advertisement
আরও পড়ুন