FIFA World Cup 2026

আমেরিকায় পা ইরানের ফুটবল দলের! বিক্ষোভের পরিকল্পনা সমর্থকদের, চাপ সামলে জয়ের লক্ষ্যে এশিয়ার দেশ

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ থামার ইঙ্গিত পাওয়া গিয়েছে। শুক্রবার হবে দু’দেশের মধ্যে চুক্তি। এই পরিস্থিতিতে আমেরিকায় পা দিয়েছে ইরানের ফুটবল দল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ০৯:৪২
football

অনুশীলনে ব্যস্ত ইরানের ফুটবলারেরা। ছবি: রয়টার্স।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আমেরিকায় পা রাখল ইরানের ফুটবল দল। দু’দেশের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ থামার ইঙ্গিত পাওয়া গিয়েছে। শুক্রবার আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তি হওয়ার কথা। এই আবহে আমেরিকার মাটিতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ইরান। এই ম্যাচের আগে তাঁরা চাপে রয়েছেন বলে জানিয়েছেন ইরানের কোচ আমির ঘালেনোয়েই।

Advertisement

আমেরিকায় নেমে সাংবাদিক বৈঠক করেছে ইরান। তার ঘণ্টাখানেক আগেই শান্তি চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। সাংবাদিক বৈঠকে আমির জানিয়েছেন, ভিসা সমস্যার কারণে তাঁদের প্রস্তুতিতে সমস্যা হয়েছে। তবে এখন ফুটবলের বাইরে অন্য কিছুতে মন দিচ্ছেন না তাঁরা। আমির বলেন, “ভিসা পেতে দেরি হয়েছে। তাই সবার শেষে আমরা বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে পেরেছি। শিবিরও বদলাতে হয়েছে। এতে ফুটবলারদের উপর চাপ পড়েছে। এই কথা অস্বীকার করা যায় না।” তার পরেই তিনি বলেন, “আমরা এখানে ভাল খেলতে এসেছি। জিততে এসেছি। মাঠের বাইরে কী হচ্ছে, তা নিয়ে মাথা ঘামাচ্ছি না। শুধু ফুটবল নিয়েই ভাবছি।”

বিশ্বকাপের আগে থেকে নানা কারণে আমেরিকার সঙ্গে সংঘাত হয়েছে ইরানের। প্রথমে ইরানের শিবির করার কথা ছিল আমেরিকায়। তা সরিয়ে মেক্সিকোতে নিয়ে যাওয়া হয়েছে। ইরানের সমর্থকদের জন্য বরাদ্দ টিকিট ফিফা বাতিল করেছে বলে অভিযোগ। মঙ্গলবার ভারতীয় সময় সকালে যখন নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ইরান খেলতে নামবে তখন স্টেডিয়ামের বাইরে বিক্ষোভের পরিকল্পনা করেছেন ইরানের সমর্থকেরা। ফলে নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আমির অবশ্য জানিয়েছেন, রাজনীতির সঙ্গে ফুটবলের কোনও যোগ নেই। তিনি বলেন, “আমরা রাজনীতির লোক নই। ফুটবলের সঙ্গে রাজনীতির যোগ নেই।” তবে শুধু তাঁরা নন, আরও অনেক দেশ সমস্যায় পড়েছে বলে জানিয়েছেন ইরানের তারকা মেহদি তারেমি। তিনি বলেন, “এমন নয় যে, শুধু ইরানের সমস্যা হয়েছে। আরও অনেক দেশ ভুগেছে। সোমালির রেফারিকে ঢুকতে দেওয়া হয়নি। বিশ্বকাপ খেলতে আসার পর থেকেই আমরা চাপে রয়েছি। অবশ্য সেই চাপ সামলে আমাদের খেলতে হবে।”

সব প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চাইছে ইরান। নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী আমির। দলের কোচ বলেন, “দেরিতে খেলতে আসায় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় কম পেয়েছি। দু’বার শিবির বদলাতে হয়েছে। তবে আমরা কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে জানি। দলের উপর আমার পুরো ভরসা রয়েছে।”

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আমেরিকা আগে জানিয়েছিল, বিশ্বকাপের ম্যাচ খেলে এক ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়তে হবে ইরানকে। তবে শান্তি চুক্তি ঘোষণার পর সেই সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বদলায় কি না, সে দিকে চোখ রয়েছে ফুটবলবিশ্বের।

Advertisement
আরও পড়ুন