টেবল টেনিস বোর্ডের উপর রাখা প্যাডল ও বল। —ফাইল চিত্র।
পাকিস্তানের টেবল টেনিস সংস্থা জানিয়েছে, খেলোয়াড়দের নিজের খরচে এশিয়ান গেমস খেলতে যেতে হবে। টেবল টেনিস সংস্থা খেলোয়াড়দের খরচ দিতে পারবে না। অর্থাৎ, এশিয়ান গেমসে খেলতে যাবেন কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ খেলোয়াড়দের। ফেডারেশন কোনও নির্দেশ দেবে না।
এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনের জন্য লাহৌরে দু’দিনের ট্রায়াল চলছে। তার মাঝেই কয়েক জন খেলোয়াড় জানার চেষ্টা করেছিলেন, তাঁদের খেলতে যাওয়ার খরচ কবে দেবে ফেডারেশন। তখনই এই কথা জানতে পারেন তাঁরা। এক খেলোয়াড় বলেছেন, “আমাদের বলা হয়েছে, ট্রায়ালে অংশ নেওয়ার জন্য কোনও টাকা আমরা পাব না। আমাদের থাকা-খাওয়ার খরচ দেওয়া হবে না। পাশাপাশি এশিয়ান গেমসে খেলতে যাওয়ার খরচ খেলোয়াড়দের নিজেদের জোগাড় করতে হবে।”
জানা গিয়েছে, এই কথা জানতে পারার পরে বেশ কয়েক জন খেলোয়াড় প্রতিবাদ করেন। তখন পাকিস্তান টেবল টেনিস বোর্ডের এক কর্তা নাকি জানিয়েছেন, বোর্ড যে ট্রায়ালের আয়োজন করেছে, তার জন্য খেলোয়াড়দের কৃতজ্ঞ থাকা উচিত। এর বেশি খরচ পাকিস্তান স্পোর্টস বোর্ড করতে পারবে না।
এই প্রসঙ্গে আরও এক খেলোয়াড় বলেছেন, “আমাদের বলা হয়েছে, এশিয়ান গেমসের জন্য টাকা বরাদ্দ নেই। তাই খেলোয়াড়দের নিজেদের খরচ করতে হবে। অদ্ভুত না। পাকিস্তানে কী ভাবে খেলার প্রসার হবে?”
এশিয়ান গেমসে টেবল টেনিসে অবশ্য পাকিস্তানের রেকর্ড খুব একটা ভাল নয়। আজ পর্যন্ত এশিয়ান গেমসে টেবল টেনিসে কোনও পদক তারা পায়নি। মালয়েশিয়া, ভারত, চিন ও দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা সেখানে দাপট দেখান। সেই কারণেই হয়তো টেবল টেনিস খেলোয়াড়দের জন্য অর্থ খরচ করতে চায়নি পাকিস্তানের স্পোর্টস বোর্ড।