IPL 2022

IPL 2022: পঞ্জাবকে দেখে চমকে গিয়েছিলাম! ম্যাচ জিতেও কেন এ কথা বললেন শ্রেয়স

১৩৭ রান তাড়া করতে নেমে ৫০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে একটা সময় চাপে পড়ে গিয়েছিল কলকাতা। সেখান থেকে দলকে জয়ে নিয়ে যান রাসেল। তাঁর ব্যাটিং দেখে হতবাক শ্রেয়স।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ২৩:৩৭
পঞ্জাবকে হারিয়ে কী বললেন শ্রেয়স

পঞ্জাবকে হারিয়ে কী বললেন শ্রেয়স ছবি: টুইটার

প্রথমে বল হাতে উমেশ যাদব ও পরে ব্যাটে আন্দ্রে রাসেলের দাপটে পঞ্জাব কিংসকে সহজেই হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু জয়ের পরেও শ্রেয়স জানালেন, পঞ্জাবের ব্যাটিং দেখে চমকে গিয়েছিলেন তিনি।

ম্যাচ শেষে শ্রেয়স বলেন, ‘‘পঞ্জাবের শুরুটা দেখে চমকে গিয়েছিলাম। প্রথম ওভারে উইকেট পড়ার পরেও ওরা এত আক্রমণাত্মক ব্যাটিং করবে ভাবতে পারিনি। কিন্তু তাতে খুব বেশি সমস্যা হয়নি। কারণ আমরা পাওয়ার প্লে-তে উইকেট পেয়ে গিয়েছিলাম।’’

Advertisement

পঞ্জাবের ব্যাটারদের বিরুদ্ধে কী পরিকল্পনা করে খেলতে নেমেছিলেন সে কথাও জানিয়েছেন শ্রেয়স। তিনি বলেন, ‘‘পঞ্জাবের আক্রমণাত্মক ব্যাটারদের জন্য আমাদের সেরা বোলারদের রেখেছিলাম। সেই জন্য সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর ওভার শেষ করাইনি। ওরা আমার কাজ সহজ করে দিয়েছে। কারণ ওদের নিজেদের স্পষ্ট পরিকল্পনা ছিল। সে ভাবেই ওরা বল করেছে।’’

১৩৭ রান তাড়া করতে নেমে ৫০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে একটা সময় চাপে পড়ে গিয়েছিল কলকাতা। সেখান থেকে দলকে জয়ে নিয়ে যান রাসেল। তাঁর ব্যাটিং দেখে হতবাক শ্রেয়স। তিনি বলেন, ‘‘রাসেলকে মারতে দেখে খুব আনন্দ পেয়েছি। ওর গায়ের জোর মারাত্মক। আশা করছি পরের ম্যাচেও এই ভাবেই ব্যাট করবে রাসেল।’’ ক্যারিবিয়ান তারকার প্রশংসা করেছেন পঞ্জাবের অধিনায়ক ময়ঙ্ক অগ্রবালও।

উমেশেরও প্রশংসা শোনা গিয়েছে নাইট অধিনায়কের মুখে। তিনি বলেন, ‘‘উমেশ আমাকে বলেছে ওর বয়স বাড়ছে। কিন্তু আমি ওকে বলেছি ও আরও ফিট হচ্ছে। যখনই আমি জিমনাশিয়ামে যাই, দেখি উমেশ সেখানে শরীরচর্চা করছে। ও কতটা পরিশ্রম করছে সেটা ওর বোলিং দেখেই বোঝা যাচ্ছে।’’

Advertisement
আরও পড়ুন