French Open

ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে সিনার, প্রথম ম্যাচেই হার মহিলাদের পঞ্চম বাছাই পেগুলার

সহজ জয় দিয়ে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শুরু করলেন ইয়ানিক সিনার। তবে অঘটনের সংখ্যা বাড়িয়ে প্রথম রাউন্ডে অপ্রত্যাশিত ভাবে হেরে গেলেন জেসিকা পেগুলা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৭:৫৯
Picture of Tennis

ইয়ানিক সিনার। ছবি: রয়টার্স।

ফরাসি ওপেনে প্রথম থেকেই শুরু হয়ে গিয়েছে অঘটন। ডানিল মেদভেদেভের পর প্রথম রাউন্ডে ছিটকে গেলেন মহিলা সিঙ্গলসের পঞ্চম বাছাই জেসিকা পেগুলা। তবে প্রত্যাশা মতোই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন পুরুষদের শীর্ষ বাছাই ইয়ানিক সিনার।

Advertisement

সরাসরি সেটে জয় দিয়ে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শুরু করলেন সিনার। তাঁকে বিশেষ সমস্যায় ফেলতে পারেননি ফ্রান্সের অবাছাই খেলোয়াড় ক্লেমেন্ট টাবুর। বিশ্বের ১৭১ নম্বর ২৬ বছরের টাবুর তৃতীয় সেট ছাড়া তেমন লড়াই করতে পারেনি। ২ ঘণ্টা ৮ মিনিটের ম্যাচে সিনারের পক্ষে ফল ৬-১, ৬-৩, ৬-৪। টেনিসের সব বিভাগেই প্রতিপক্ষের চেয়ে ভাল পারফর্ম করেছেন সিনার।

প্রথম বার টাবুরের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সিনার। বেসলাইন নির্ভর টেনিস খেলেই জয় ছিনিয়ে নিয়েছেন শীর্ষ বাছাই। ম্যাচে ৪০টি উইনার মেরেছেন সিনার। এক বার তাঁর সার্ভিস ব্রেক করার কাছাকাছি যেতে পারেননি টাবুর। দ্বিতীয় রাউন্ডে সিনারের প্রতিপক্ষ হুয়ান ম্যানুয়েল সেরুন্ডোলো।

টেনিস প্রেমীদের হতাশ করলেন পেগুলা। প্রথম সেট সহজে জেতার পরও হেরে গেলেন বিশ্বের পাঁচ নম্বর মহিলা খেলোয়াড়। অস্ট্রেলিয়ার অবাছাই খেলোয়াড় কিম্বার্লি বিরেলের কাছে তিনি হারলেন ১-৬, ৩-৬, ৩-৬ ব্যবধানে। বিশ্বের ৮৩ নম্বরের বিরুদ্ধে গোটা ম্যাচে পেগুলাকে ভুগিয়েছে সার্ভিস। আর একটি ম্যাচ জিতলে ২০১৯ সালের পর বিরেল কোনও গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডে উঠবেন। এর আগে টানা ন’টি গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিলেন অস্ট্রেলীয় খেলোয়াড়।

Advertisement
আরও পড়ুন